২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাচার অর্থ ফেরত এনে ঘাটতি মেটানো যাবে না: অর্থ উপদেষ্টা

দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ ফেরত এনে সরকারের ঘাটতি পূরণের বিষয়টি আশাব্যঞ্জক কিছু হবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে 'সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে টেকসই উন্নয়নে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2007, 02:18 PM

Updated : 26 Aug 2022, 08:12 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ ফেরত এনে সরকারের ঘাটতি পূরণের বিষয়টি আশাব্যঞ্জক কিছু হবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে 'সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে টেকসই উন্নয়নে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, "পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। বাংলাদেশ ব্যাংকও এ বিষয়ে কাজ করছে। কিন্তু অতীতে যেসব দেশ তাদের পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার চেষ্টা করেছে তার ফলাফল খুব একটা উৎসাহব্যঞ্জক নয়।" ফিলিপাইন ও নাইজেরিয়ার উদাহরণ টেনে তিনি বলেন, "ফিলিপাইন ১৭ বছরে ৫৬ কোটি ডলার ফেরত এনেছে। নাইজেরিয়া ৫/৬ বছরে প্রায় একই পরিমাণ অর্থ ফিরিয়ে আনতে পেরেছে। আমাদেরও এ বিষয়ে বাস্তববাদী হতে হবে।" উপদেষ্টা বলেন, আমাদের মতো দেশগুলোর সম্পদের পরিমাণ সীমিত হওয়ায় উন্নয়ন কাজ বারবার বাধাগ্রস্ত হয়। আমাদের বাজেটের পরিমাণ মোট জাতীয় আয়ের (জিডিপি) মাত্র ১৫ শতাংশ। এই অর্থ দিয়ে খুব ভালো কিছু করা সম্ভব নয়। ইউরোপীয় দেশগুলোসহ বিভিন্ন কল্যাণমূলক রাষ্ট্রে বাজেটের পরিমাণ থাকে জিডিপির প্রায় ৫০ ভাগ। আমাদের দেশের জাতীয় আয়ের মাত্র ১০ দশমিক ৪ শতাংশ আসে কর থেকে। কর আদায় পরিস্থিতি এরকম হলে কোনো দেশের পক্ষেই উন্নয়ন চালিয়ে যাওয়া সম্ভব নয়। অর্থ উপদেষ্টা বলেন, বিশ্ব বদলে যাচ্ছে। প্রবৃদ্ধি অর্জনের বিষয়টি শ্রমঘন খাতের ওপর নির্ভরশীল না থেকে সেবাখাত ভিত্তিক হচ্ছে। ব্যাংক, ইনস্যুরেন্স, তথ্য প্রযুক্তি ও জৈব প্রযুক্তির মতো 'ভ্যালু অ্যাডেড' খাতে চাহিদা বাড়ছে। আমাদেরও এখন আর শ্রমঘন খাতের ওপর নির্ভর করলে চলবে না। প্রবৃদ্ধি অর্জন করতে হবে সেবাখাত দিয়ে। তিনি আরো বলেন, সরকার একা সব করতে পারবে না। বেসরকারি প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসতে হবে। সোসাইটি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বাংলাদেশ এর সভাপতি সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান এস. এম. আল-হোসাইনির সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ উন্নয়ন পরিষদ ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী খলীকুজ্জমান আহমদ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এসআর/জেকে/এমএইচবি/১৯৪৭ ঘ.