২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ মাসের মধ্যে মিল্কভিটার দুর্নীতিবাজদের বিদায় করা হবে: আনোয়ারুল ইকবাল

সমবায় উপদেষ্টা মো. আনোয়ারুল ইকবাল বলেছেন, মিল্কভিটা থেকে দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের তিনমাসের মধ্যে বিদায় করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2007, 10:58 AM

Updated : 26 Aug 2022, 08:12 PM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সমবায় উপদেষ্টা মো. আনোয়ারুল ইকবাল বলেছেন, মিল্কভিটা থেকে দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের তিনমাসের মধ্যে বিদায় করা হবে। বুধবার রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় দুগ্ধজাত পণ্য বাজারজাতকারী এ প্রতিষ্ঠানের ৩০তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, "বর্তমান সরকার বেশ কিছু কার্যকর পদক্ষেপ নেওয়ায় মিল্কভিটা আবার লাভের ধারায় ফিরেছে। এটাই প্রমাণ করে যে দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণেই মিল্কভিটা এতোদিন লোকসান দিয়েছে। দুর্নীতি দমনের অংশ হিসেবে বর্তমান সরকার এই প্রতিষ্ঠান থেকেও অনিয়ম-দুর্নীতির মূলোৎপাটন করবে।" তিনি বলেন, "ইতোমধ্যে অপ্রয়োজনীয় ২৮৭ জনকে ছাঁটাই, দুধ ও দুগ্ধজাত পণ্যের দাম বৃদ্ধি, কনডেন্সড মিল্ক ও চকলেট কারখানায় উৎপাদন শুরু এবং বন্ধ কারখানাগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর অতিরিক্ত জনবল ছাটাই ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিষ্ঠান পরিচালনায় স্বচ্ছতা আনা হবে এবং সমবায়ীদের আরো বেশি সুবিধা দেওয়া হবে। প্রতিষ্ঠান চালানোর খরচ কমিয়ে দুধের জন্য সমবায়ীদের আরো বেশি দাম দেওয়া হবে"। অনুষ্ঠানে পল্পী উন্নয়ন ও সমবায় সচিব মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, "মিল্কভিটার বছরে ১৫ থেকে ২০ কোটি টাকা মুনাফা করার কথা। অথচ কখনোই ৬ কোটি টাকার বেশি মুনাফা দেখানো হয়নি। সমবায়ীরাও যথেষ্ট সুবিধা পাননি। অনিয়ম-দুর্নীতির কারণে প্রতিষ্ঠানটির প্রায় পথে বসার অবস্থা হয়েছিল। সেখান থেকে আবার লাভের ধারায় ফিরে এসেছে মিল্কভিটা।" সমবায় অধিদপ্তরের নিবন্ধক মো. মোশাররফ হোসেন ভূঁইয়া জানান, মিল্কভিটা লোকসান কাটিয়ে ২০০৬ সালের জুলাই থেকে চলতি বছরের মে পর্যন্ত ৩ কোটি টাকা মুনাফা করেছে। তিনি সমবায়ীদের কাছ থেকে দুধ কেনার ক্ষেত্রে লিটার প্রতি ১ টাকা করে দাম বৃদ্ধির ঘোষণা দেন। তিনি আরো জানান, মিল্কভিটা থেকে মিনারেল ওয়াটার উৎপাদনেরও উদ্যোগ নেওয়া হবে। সাধারণ সভায় সমবায়ীরা দুধের দাম লিটার প্রতি কমপক্ষে ২৫ টাকা নির্ধারণ, গরুর খাবার সরবরাহ ও ঋণ নেওয়ার প্রক্রিয়া সহজ করার দাবি জানান। তারা কর্মকর্তা কর্মচারী নিয়োগ এবং প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। সভার পর সমবায়ীদের উৎসাহিত করার জন্য পুরস্কৃত করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/জেকে/১৬৪৩ ঘ