২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থবছর শেয়ে রাজস্ব আদায়ে ঘাটতি দাঁড়াচ্ছে ১৮০০ কোটি টাকা

রাজম্ব আদায়ে আনুমানিক ১৮০০ কোটি টাকা ঘাটতি নিয়ে অর্থবছর শেষ করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার অর্থ মন্ত্রণালয়ে এনবিআর এর চেয়ারম্যান বদিউর রহমান সাংবাদিকদের এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2007, 04:55 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজম্ব আদায়ে আনুমানিক ১৮০০ কোটি টাকা ঘাটতি নিয়ে অর্থবছর শেষ করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার অর্থ মন্ত্রণালয়ে এনবিআর এর চেয়ারম্যান বদিউর রহমান সাংবাদিকদের এ কথা জানান। এনবিআর ২০০৬--০৭ অর্থবছরে ৩৭ হাজার ৪৭৯ কোটি টাকা রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। বদিউর রহমান বলেন, "সংশোধিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য চলতি জুন মাসে ৫ হাজার ৫০০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যস্থির করেছিলাম আমরা। ওই লক্ষ্যে পৌঁছনো সম্ভব নাও হতে পারে।" তিনি বলেন, "চলতি অর্থ বছরের শেষ নাগাদ রাজস্ব আদায়ে মোট ঘাটতি দাঁড়াতে পারে ১৮০০ কোটি টাকা।" ২০০৬-০৭ অর্থবছরের মূল বাজেটে এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪১ হাজার ৫৫ কোটি টাকা। পরে রাজস্ব আদায় পরিস্থিতি বিবেচনা করে ৩৭ হাজার ৪৭৯ কোটি টাকার সংশোধিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ২০০৭-০৮ অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে ৪৩ হাজার ৮৫০ কোটি টাকা। এনবিআর চেয়ারম্যান সংশোধিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতার জন্য ব্যবসায়ীদের আমদানি করা পণ্যের বিল অব এন্ট্রি দাখিল না করার বিষয়টিকে দায়ী করেছেন। তিনি বলেন, "আমদানিকারকরা সম্ভবত নতুন অর্থবছরের বাজেটে কী কী পরিবর্তন হয় তা দেখে ০১ জুলাই বিল অফ এন্ট্রি জমা দেওয়ার জন্য অপেক্ষা করছেন।" এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "পাঁচ শতাংশ হারে জরিমানা দিয়ে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগে এ পর্যন্ত ৫৪ লাখ টাকা বৈধ করা হয়েছে। এ সুযোগ ৩১ জুলাই পর্যন্ত বহাল থাকবে।" এ প্রসঙ্গে তিনি আরো বলেন, "অনেকেই খোঁজ খবর নিচ্ছে; কিন্তু সুযোগ নিচ্ছে না।" অবশ্য তিনি স্বীকার করেন, মানুষ সুযোগটি নিতে হয়তো ভয় পাচ্ছে। আরেক প্রশ্নের জবাবে বদিউর রহমান বলেন, কর অফিসের কর্মকর্তাদের কথিত হয়রানি থেকে করদাতাদের রেহাই দিতে আগামী ০১ জুলাই থেকে নতুন ব্যবস্থা চালু হবে। এই ব্যবস্থায় কর কর্মকর্তারা করদাতাদের দাখিল করা ঘোষণা গ্রহণ করতে বাধ্য। তিনি জানান, সন্দেহজনক ফাইলগুলো তদন্ত করে দেখা হবে। তবে কর কর্মকর্তাদের বদলে এনবিআরই এই তদন্ত করবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/ডিডি/জেকে/২২০২ ঘ.