ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বিদ্যুৎ ও ওষুধ কোম্পনির শেয়ার লেনদেনের বদৌলতে ঢাকার শেয়ার বাজার বৃহস্পতিবার দিনের মাঝামাঝিতে এসে চাঙ্গা হয়ে ওঠেছে। মূলত কয়েকটি ছোট আকারের বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অনুমোদনের ব্যাপারে সরকারি সিদ্ধান্তের পর শেয়ার কেনা বেচায় গতি বেড়ে যায়।
সকালের দিকে বাজারে কিছুটা পতন দেখা দিলেও দিনের মধ্যভাবে এসে বাজার তার ধারাবাহিক গতি ফিরে পায়। স্কয়ার গ্র"পের বড় ধরনের শেয়ার লেনদেনও বাজারে গতিশীলতা ফিরিয়ে আনতে যথেষ্ট ভূমিকা রেখেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
এই সময়ের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ১৯ দশমিক ৪৩ পয়েন্ট বা দশমিক ৯৩ শতাংশ বেড়ে দুই হাজার ৯৩ দশমিক ৯৮ পয়েন্ট হয়েছে। এ ছাড়া ডিএসআই বা সার্বিক মূল্যসূচক ১৫ দশমিক ৩৭ পয়েন্ট বা দশমিক ৯০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭১১ দশমিক ৩৯ পয়েন্টে।
মোট লেনদেন হয়েছে ১৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার। যার মধ্যে দাম বেড়েছে ৯২টির, কমেছে ৬৭টির এবং ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম রয়েছে অপরিবর্তিত।
বেলা ১২টা ৩৯ মিনিট পর্যন্ত বাজারে মোট লেনদেন হয়েছে ১০৩ কোটি টাকার শেয়ার। বুধবার দিন শেষে এ অঙ্ক ছিল ১৭৫ কোটি টাকা।
লেনদেনের দিক দিয়ে স্কয়ার টেক্সটাইল, সামিট পাওয়ার, স্কয়ার ফার্মা, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ এবং ডেসকো ছিল শীর্ষে।
বুধবারের ১০৮ টাকা ১০ পয়সা দিয়ে শুরু করে বৃহস্পতিবার দিনের মাঝামাঝিতে এসে স্কয়ার টেক্সটাইলের শেয়ার ১১৫ টাকা ২০ পয়সায় লেনদেন হচ্ছে।
এ ছাড়া সামিট পাওয়ারের শেয়ার লেনদেন হচ্ছে ৯২৪ টাকা ২৫ পয়সায়। দুটি ছোট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের জন্য প্রতিষ্ঠানটিকে নির্বাচিত করার খবরে প্রতিষ্ঠানটির শেয়ারের প্রতি ক্রেতাদের আগ্রহ বাড়তে থাকে। এ প্রতিষ্ঠান থেকে সরকার আগামী ১৫ বছর বিদ্যুৎ কেনারও সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, লেনদেনের ধারাবাহিকতা বজায় রেখে প্রতিদিনই বাড়ছে স্কয়ার ফার্মার শেয়ারের দাম। বুধবারের তিন হাজার ৮৩৭ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে তিন হাজার ৮৮৮ টাকায় এর শেয়ার লেনদেন হচ্ছে।
সামিট পাওয়ারের ব্যাপারে সরকারি সিদ্ধান্তের প্রভাব পড়েছে সরকার মালিকানাধীন বিদ্যুৎ কোম্পানি পাওয়ার গ্রিড ও ডেসকোর শেয়ারে।
পাওয়ার গ্রিডের শেয়ার ৫৮২ টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে ৫৮৮ টাকা ৫০ পয়সা এবং ডেসকোর ৮৯৮ টাকা ৫০ পয়সা থেকে ৯১৮ টাকা ৫০ পয়সা হয়েছে।
তবে মুনাফা তুলে নেওয়ার প্রবণতার কারণে ব্র্যাক ব্যাংক ও হাইডেলবার্গ সিমেন্টের শেয়ারের দাম কিছুটা কমেছে। তবে ন্যাশনাল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের শেয়ারের দাম আগের চেয়েও কিছুটা বেড়েছে:।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এএল/জিএনএ/১৩৪৯ ঘ.
bdnews24