ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর পল্লবীতে বকেয়া বেতনের দাবিতে বুধবার বিক্ষুব্ধ শ্রমিকরা একটি পোশাক তৈরির কারখানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে।
পুলিশ জানিয়েছে, সালেহা গার্মেন্টস নামের ওই কারখানার মালিক সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক রেদোয়ান আহম্মেদ।
পল্লবী থানার উপপরিদর্শক আব্দুল খালেক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, পল্লবী ৭ নম্বর সেকশনের মিল্কভিটা রোডের সালেহা গার্মেন্টসে শ্রমিকদের দুই মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে। বুধবার দুপুরে প্রায় চারশ শ্রমিক পাওনা বেতন-ভাতার দাবিতে কারখানার সামনে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের একপর্যায়ে শ্রমিকরা কারখানা ভবন লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে শুরু করে। এ সময় পুলিশ বাধা দিতে গেলে ইটের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হন। পরে র্যাব ও যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আব্দুল খালেক জানান, দুপুর দুইটার দিকে কারখানার মালিকপক্ষ ও বিজিএমইএ নেতৃবৃন্দ শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসেন। প্রায় দেড় ঘণ্টা আলোচনার পর তারা সমঝোতায় পৌঁছান।
সমঝোতা অনুযায়ী কারাখানা কর্তৃপক্ষ বুধবার বিকেলে শ্রমিকদের একাংশের পাওনা পরিশোধ করে। বাকি শ্রমিকদের পাওনা টাকা আগামী মাসের ২০ তারিখের মধ্যে পরিশোধ করা হবে বলে প্রতিশ্র"তি দেওয়া হয়।
পল্লবী থানার কর্তব্যরত কর্মকর্তা আব্দুস সালাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় কোনো মামলা হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/এমএইচবি/২১২৮ ঘ.
bdnews24