২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যদিনে শেয়ার বাজারে গতি

ওষুধ কোম্পানির এবং ব্যাংকিং খাতের শেয়ারের বড় ধরনের লেনদেনের বদৌলতে ঢাকার শেয়ার বাজার বুধবার দিনের মাঝামাঝিতে এসে আবারও চাঙ্গা হয়ে ওঠেছে। তবে বিদ্যুৎ খাতের শেয়ার লেনদেনে লক্ষ্য করা গেছে মিশ্রভাব। বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতার কারণে সকালের দিকে লেনদেনে কিছুটা পতন দেখা দিলেও ওষুধ ও ব্যাংকিং খাতের প্রতিষ্ঠানগুলোর লেনদেনের ওপর ভর করে বাজার তার গতি ফিরে পায়। আর এর বদৌলতেই সপ্তাহের চতুর্থ দিনেও চাঙ্গা ছিল ঢাকার শেয়ার বাজার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2007, 07:42 AM

Updated : 26 Aug 2022, 08:10 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--ওষুধ কোম্পানির এবং ব্যাংকিং খাতের শেয়ারের বড় ধরনের লেনদেনের বদৌলতে ঢাকার শেয়ার বাজার বুধবার দিনের মাঝামাঝিতে এসে আবারও চাঙ্গা হয়ে ওঠেছে। তবে বিদ্যুৎ খাতের শেয়ার লেনদেনে লক্ষ্য করা গেছে মিশ্রভাব। বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতার কারণে সকালের দিকে লেনদেনে কিছুটা পতন দেখা দিলেও ওষুধ ও ব্যাংকিং খাতের প্রতিষ্ঠানগুলোর লেনদেনের ওপর ভর করে বাজার তার গতি ফিরে পায়। আর এর বদৌলতেই সপ্তাহের চতুর্থ দিনেও চাঙ্গা ছিল ঢাকার শেয়ার বাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে এ সময়ের মধ্যে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ২৪ দশমিক ৯৩ পয়েন্ট বা এক দশমিক ২০ শতাংশ বেড়ে দুই হাজার ৮৭ দশমিক ৫৩ পয়েন্ট হয়েছে। ডিএসই বা সার্বিক মূল্যসূচক কাটা ২০ দশমিক ৪৩ পয়েন্ট বা ১ দশমিক ২০ শতাংশ বেড়ে নতুন রেকর্ড গড়ে এক হাজার ৭০৫ দশমিক ৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ১৬৬টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ৫৫টির এবং ১৭টির দাম রয়েছে অপরিবর্তিত। এ সময়ের মধ্যে মোট লেনদেন হয়েছে ৮৩ কোটি ৩১ লাখ ৩০ হাজার টাকা। মঙ্গলবার লেনদেনের এই অঙ্ক ছিল ১৪৯ কোটি টাকা। বেলা ১২টা ১৯মিনিট পর্যন্ত লেনদেনের দিক দিয়ে স্কয়ার ফার্মা ছিল শীর্ষ অবস্থানে। এর পরেই প্রাইম ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, সামিট পাওয়ার ও হাইডেলবার্গ সিমেন্টের অবস্থান। দিনের মাঝামঝিতে এসে স্কয়ার ফার্মার শেয়ার তিন হাজার ৭৯৬ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে তিন হাজার ৮৪৩ টাকা হয়েছে। মূলত লভ্যাংশ ঘোষণার তারিখ ঘনিয়ে আসায় প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বাড়ছে বলে বাজার বিশ্লেষকরা মনে করছেন। এ ছাড়া ৮০০ টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে ৮২৪ টাকা হয়েছে প্রাইম ব্যাংকের শেয়ার। সাউথইস্ট ব্যাংকের ৪৭৫ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ৪৭৭ টাকা ২৫ পয়সা হয়েছে। তবে শেয়ারের দাম কমে গেছে সামিট পাওয়ারের। প্রতিষ্ঠানটির শেয়ার ৯২১ টাকা ৭৫ পয়সা থেকে কমে ৯১২ টাকায় লেনদেন হচ্ছে। মূলত প্রতিষ্ঠানটির মুনাফা তুলে নেওয়ার ধারা অব্যাহত থাকায় শেয়ারের দাম কমছে। হাইডেলবার্গ সিমেন্টের শেয়ারের দামও এক হাজার টাকা ৭৫ পয়সা থেকে কমে এক হাজার ৪৪ টাকা ৭৫ পয়সা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এএল/জিএনএ/১৩৩৫ ঘ.