২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারের বর্তমান অস্থিরতা বাজেট ঘোষণার প্রক্রিয়ারই অবশ্যম্ভাবী ফল

বাজারের বর্তমান অস্থিরতা আসলে বাজেট ঘোষণার প্রক্রিয়ার অবশ্যম্ভাবী ফল। প্রচলিত বাজেট প্রক্রিয়া অর্থনীতিকে অস্থিতিশীল করতে পারে। শুল্ক ও কর ব্যবস্থার মতো অর্থনীতির কিছু মৌলিক নিয়ামককে বদলে দেওয়ার যে ক্ষমতা অর্থ মন্ত্রণালয়ের আছে সেটাই এর অন্যতম কারণ। যতদিন পর্যন্ত মন্ত্রণালয় ইচ্ছেমতো এসব নিয়ামক পরিবর্তন করতে পারবে, ততদিন বাজেট ঘোষণার পর বাজারের প্রতিক্রিয়া এমনটিই হবে। বাজেট পরবর্তী বাজারের আচরণ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান এমএ তসলিম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য এই বিশ্লেষণ লিখেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2007, 04:04 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ঢাকা, ১৬ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--বাজেটে নিত্য প্রয়োজনীয় যে সব পণ্যের শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে বাজারে সেগুলোর দাম না কমলেও যেগুলোর শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে সেগুলোর দাম বেড়ে গেছে দেখে অনেকেই ক্ষুব্ধ হয়েছেন। ব্যবসায়ীদের লোভ, মজুদদারি করার প্রবণতা আর সিন্ডিকেট করাকেই এর জন্য দায়ি করা হচ্ছে। তবে মজার ব্যাপার হচ্ছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি এফবিসিসিআইও কিন্তু এর সমালোচনা করেছে। তারা বলেছে, সৎ ব্যবসায়ীদের এমন আচরণ করা উচিত নয়। তবে এফবিসিসিআই যাই বলুক, বাজারের এই প্রতিক্রিয়া কিন্তু মোটেই অপ্রত্যাশিত নয়। বরং একেবারে পাঠ্যবইয়ে যেমনটা হবে বলা হয় ঠিক সে রকমই হয়েছে। বাজেটে ভোজ্য তেল ও মশুর ডালসহ কিছু পণ্যের শুল্ক কমানোর সুপারিশ করা হয়েছে, চিনির মতো অন্য কিছুর ক্ষেত্রে তা বাড়ানো হয়েছে। বাজেট প্রস্তাব পরিবর্তন না করা হলে এ মাসের পর থেকে এই নতুন শুল্কহার কার্যকর হবে। ওই সময়ের পর যে সব আমদানি পণ্য এদেশে এসে পৌঁছাবে, সেগুলোর জন্যই নতুন হারে কর দিতে হবে। কিন্তু ব্যবসায়ীদের কাছে এখনো বর্তমান শুল্ক হারে অর্থাৎ ২০০৬-০৭ অর্থ বছরের জন্য নির্ধারিত শুল্ক দিয়ে আমদানি করা পণ্য রয়ে গেছে। যে সব পণ্যের শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে সেগুলোর ক্ষেত্রে যদি এই প্রস্তাব এখনই কার্যকর করা হয়, তাহলে তাদের লোকসান দিতে হবে। এটা এড়ানোর সুযোগ থাকলে কোনো ব্যবসায়ীই তা করতে চাইবেন না, এটাই স্বাভাবিক। তারা জানেন যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাজারে নতুন কম শুল্ক হারে আমদানি করা কোনো পণ্য এসে পৌঁছাচ্ছে না, কাজেই দাম কমানোর কোনো চাপ নেই তাদের ওপর। বাজারে যদি দাম কমানোর কোনো প্রতিযোগিতামূলক চাপ না থাকে, তাহলে তারা যে সেটা করবেন না এটাই তো স্বাভাবিক। আর তারা যদি আমদানিকারকও হন, তাহলে তারা সম্ভবত চেষ্টা করবেন নতুন পণ্য আমদানি কিংবা সেগুলোর বাজারে আসা যতদিন সম্ভব ঠেকিয়ে রাখতে যাতে করে তাদের সংগ্রহে থাকা পণ্য বর্তমান দামেই বিক্রি করা যায়। আগামী মাসে কম শুল্কে আমদানি করা পণ্য বাজারে আসলেই কেবল দাম কমা শুরু হবে। অন্য দিকে যে সব ব্যবসায়ীর কাছে শুল্ক হার বাড়ছে এমন পণ্য আছে তাদের অবস্থান ঠিক এর বিপরীত। তারা জানেন, নতুন শুল্কহার কার্যকর হওয়ার পর দাম বাড়বে। তাই পণ্যটি কিছুদিন মজুদ করে রেখে বিক্রি করলে তাদের লাভ হওয়ার সম্ভাবনা। কিন্তু তারা পণ্য মজুদ করে রাখলেই বাজারে সরবরাহ কমে যাবে। তার ওপর ক্রেতারাও চাইবেন দাম বাড়ার আগেই পণ্যটি কিনে ফেলতে, কাজেই হঠাৎ করে চাহিদাও বেড়ে যাবে। আর চাহিদা বাড়লে দাম তো বাড়বেই। বাজারের ভারসাম্য তখনই ফিরে আসবে যখন ভবিষ্যতে যতটুকু দাম বাড়ার কথা, বাজারমূল্য তার সমান হবে। বাজার যদি সুচারু হয়, তাহলে এটা খুব দ্রুত ঘটবে। বাজারে নতুন শুল্কহারের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম বাড়ছে, তাতে মনে হয় বাজার ব্যবস্থা বেশ সুচারুভাবেই পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে দাম বাড়বে, এই সম্ভাবনার কারণেই বর্তমানে দাম বেড়ে যাওয়া কিন্তু বাংলাদেশে ব্যতিক্রমী কোনো ব্যাপার নয়। বরং আন্তর্জাতিক বাজারেও এটা খুবই স্বাভাবিক ব্যাপার। ইরাককে ঘিরে মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের ঘনঘটা, তখন বিদ্যমান বাজার পরিস্থিতির কোনো পরিবর্তন না হলেও কিন্তু তেলের দাম বেড়ে গিয়েছিল। আবার বিরূপ আবহাওয়ার কারণে কফি (বা অন্য কোনো পণ্য) উৎপাদনকারী বড় কোনো এলাকায় যদি ফলন কমে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়, তাহলে ওই সম্ভাবনার কথা মাথায় রেখে ব্যবসায়ীদের আচরণের কারণে সরবরাহ কমে যাওয়ার আগেই আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়াটা নিশ্চিত হয়ে যায়। বাজেট ঘোষণার পর থেকে বাজারের যে প্রবণতা দেখা যাচ্ছে সেটা আসলে প্রতিযোগিতামূলক বাজারের নীতিরই প্রতিফলন। বাজার সম্পর্কে যথেষ্ট জ্ঞান না থাকার কারণে এমন ধারণার উদ্ভব হতে পারে। যদি কেউ মনে করে থাকেন যে, বাজার সৃষ্ট সব অবস্থাই ন্যায়সঙ্গত ও সুষম, তাহলে তার বাজার ব্যবস্থা বোঝার আরও অনেক কিছু বাকি আছে। বাজারের বর্তমান অস্থিরতা আসলে বাজেট ঘোষণার প্রক্রিয়ার অবশ্যম্ভাবী ফল। গত বছরের বাজেটের পরও একটা প্রবন্ধে (ডেইলি স্টার, ২৯ জুন ২০০৬) আমি দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলাম যে, প্রচলিত বাজেট প্রক্রিয়া অর্থনীতিকে অস্থিতিশীল করতে পারে। আসলে শুল্ক এবং কর ব্যবস্থার মতো অর্থনীতির কিছু মৌলিক নিয়ামককে বদলে দেওয়ার যে অনিয়ন্ত্রিত ক্ষমতা অর্থ মন্ত্রণালয়ের আছে সেটাই এর অন্যতম কারণ। যতদিন পর্যন্ত মন্ত্রণালয় ইচ্ছেমতো এ সব নিয়ামক পরিবর্তন করতে পারবে, ততদিন বাজেট ঘোষণার পর বাজারের প্রতিক্রিয়া এমনটিই হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএইচ/ডিডি/এমএইচবি/২১৫৪ ঘ.