২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা বৃষ্টির প্রভাব পড়েছে শেয়ারবাজারেরও

অবিরাম বৃষ্টিতে রোববার নগরীর জীবনযাত্রার মতো ঢাকা শেয়ার বাজারেও নেমে আসে স্থবিরতা। ক্রতা--বিক্রেতা দুপক্ষেরই অংশগ্রহণ ছিল সীমিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2007, 04:47 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- অবিরাম বৃষ্টিতে রোববার নগরীর জীবনযাত্রার মতো ঢাকা শেয়ার বাজারেও নেমে আসে স্থবিরতা। ক্রেতা--বিক্রেতা দুপক্ষেরই অংশগ্রহণ ছিল সীমিত। রোববার ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক দশমিক ৫৬৮ পয়েন্ট বা দশমিক ০৩৪ শতাংশ কমে ১৬৪৫ দশমিক ৯৪ হয়েছে। দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ১ দশমিক ৮৬ পয়েন্ট বা দশমিক ০৯৩ শতাংশ বেড়ে ২০০৮ দশমিক ২৬ পয়েন্ট হয়। আকর্ষণীয় ডিএসই--২০ ব্লুচিপ শেয়ার সূচক ১০ দশমিক ৭৪ পয়েন্ট বা দশমিক ৫৯ শতাংশ কমে ১৮০৫ দশমিক ৭৪ পয়েন্ট হয়। এআইএমএস বাংলাদেশ এর প্রধান নির্বাহী ইউয়ার সাঈদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভারি বর্ষণের কারণে রোববার স্বাভাবিক লেনদেন হতে পারেনি। ক্রেতা--বিক্রেতা দুই পক্ষেরই অংশগ্রহণ ছিল সীমিত। এমনকি ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনেও জলাবদ্ধতা সৃষ্টি হয়।" এদিন ঢাকা শেয়ার বাজারে ৮১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৭৭টির কমেছে এবং ২৭টি অপরিবর্তিত রয়েছে। চট্টগ্রাম শেয়ার বাজারে ৪০টির প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৪১টির দাম কমেছে এবং ৯টির দাম অপরিবর্তিত রয়েছে। রোববারের লেনদেনে শীর্ষ ৫ প্রতিষ্ঠান হল লংকা বাংলা ফাইন্যান্স, টিবিএল, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রিমিয়ার ব্যাংক ও ইসলামী ব্যাংক। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া পাঁচটি প্রতিষ্ঠান হল সামিট পাওয়ার, ইনটেক, ইস্টার্ন ক্যাবল, অজিজ পাইপস ও এক্সেল সুজ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/ডিডি/জেকে/২২৪২ ঘ.