ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ব্যাংক ঋণের ক্ষেত্রে সুদের হার ১০ শতাংশের মধ্যে নামিয়ে আনার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। এখন তাদের ২২ শতাংশ পর্যন্ত সুদ দিতে হয়।
রোববার রাজধানীর এফবিসিসিআই মিলনায়তনে 'শিল্পায়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ভূমিকা' শীর্ষক এক সেমিনারে ব্যবসায়ীরা নেতারা এ দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে শিল্পসচিব ড. মো. নুরুল আমীন বলেন, বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে কৃষির পরই এসএমই এর স্থান।
শিল্পসচিব বলেন, উন্নত দেশের তুলনায় আমাদের শ্রম সস্তা কিন্তু উৎপাদন ক্ষমতা কম। সরকার এসএমই ফাউন্ডেশন গঠন করেছে এবং প্রস্তাবিত বাজেটে এই খাতে ১০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে।
এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নের জন্য অর্থায়ন প্রয়োজন। এক্ষেত্রে ঋণের সুদের হার ১০ শতাংশের মধ্যে নামিয়ে আনতে হবে। এর বেশি হলে ক্ষুদ্র ব্যবসায়ীরা টিকে থাকতে পারবেন না। পাশাপাশি অবকাঠামোগত সুবিধাও বাড়াতে হবে।
এফবিসিসিআই সহ--সভাপতি দেওয়ান সুলতান আহমেদ বলেন, বর্তমানে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ব্যবসায়ীদের ২২ শতাংশ পর্যন্ত সুদ দিতে হয়। ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতি ব্যাংকারদের দৃষ্টিভঙ্গিও নেতিবাচক। নানা রকম বন্ধক রাখতে গিয়েই ব্যবসায়ীরা হয়রান হয়ে যান। এজন্য তিনি ব্যাংকারদের মানসিকতা পরিবর্তনেরও আহ্বান জানান।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট স্ট্রাটেজির চেয়ারম্যান ড. মুস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন সাবেক সচিব ও এফবিসিসিআই এর সাবেক উপদেষ্টা এস এম আল হোসাইনি।
ড. মুস্তাফিজুর রহমান ২০০৩ সালের পরিসংখ্যান দিয়ে এসএমই শিল্পের গুরুত্ব তুলে ধরেন। ওই বছর মোট জাতীয় আয়ের ২০ থেকে ২৫ শতাংশ এসেছে এসএমই খাত থেকে। এই শিল্পের সঙ্গে দেশের তিন কোটি ১০ লাখ লোক সরাসরি জড়িত।
তিনি বলেন, এসএমই শিল্পের জন্য বেসিক এসএমই আইন করতে পারে সরকার, বিসিককে শক্তিশালী করতে হবে না, নয়তো এসএমইকে সহায়তা দেওয়ার জন্য আরেকটি প্রতিষ্ঠান করতে হবে। এসএমই খাতে অর্থ সহায়তার জন্য বাংলাদেশ ফিন্যান্স কর্পোরেশন ফর স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ গঠন করা যেতে পারে। এছাড়া ঋণের নিশ্চয়তার জন্য একটি ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন গঠন করারও পরমার্শ দিয়েছেন তিনি।
এছাড়া ঢাকা চেম্বার অব কমার্সের পরিচালক শফিকুর রহমান চৌধুরী, বারভিডার সভাপতি আবদুল হক, বাংলাদেশ দিয়াশলাই শিল্প সমিতির নেতা আর পি চৌধুরী, নারী উদ্যোক্তা রিনা আহমেদ, বাংলাদেশ অ্যালুমিনিয়াম সমিতির নেতা ওবায়দুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/জেকে/এমএইচবি/২১১৩ ঘ.
bdnews24