২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাইয়ে কয়লা নীতি চূড়ান্ত হচ্ছে

জুলাই মাসের মধ্যে কয়লানীতি চূড়ান্ত করবে সরকার। একটি জ্বালানি নীতি প্রণয়নেরও উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া বিদ্যুৎ উৎপাদনকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও জাতীয় গ্রিড লাইন ব্যবহারের অনুমতি দেওয়া হবে। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরী রোববার সিরডাপ মিলনায়তনে এক গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2007, 12:38 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- জুলাই মাসের মধ্যে কয়লানীতি চূড়ান্ত করবে সরকার। একটি জ্বালানি নীতি প্রণয়নেরও উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া বিদ্যুৎ উৎপাদনকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও জাতীয় গ্রিড লাইন ব্যবহারের অনুমতি দেওয়া হবে। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরী রোববার সিরডাপ মিলনায়তনে এক গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। জ্বালানি ও বিদ্যুৎ বিষয়ক সাময়িকী 'এনার্জি অ্যান্ড পাওয়ার' এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে "জাতীয় জ্বালানি নীতি" শীর্ষক ওই বৈঠক আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা তপন চৌধুরী বলেন, "আলোচনা করে অনেক সময় নষ্ট হয়েছে। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে। জুলাই মাসের মধ্যে কয়লা নীতি চূড়ান্ত হচ্ছে। এটা পরে জ্বালানি নীতির মধ্যে অন্তর্তুক্ত হবে। আর জনগণের স্বার্থের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এ নীতি প্রণয়ন করা হচ্ছে।" বিদ্যুৎ খাতে দেশীয় উদ্যোক্তাদের সম্পৃক্ত করার ওপর জোর দেন তপন চৌধুরী। তিনি বলেন, "বেসরকারি উদ্যোগে বড় বড় বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করলে তাদের জাতীয় গ্রিড ব্যবহারের সুযোগ দেওয়া হবে। আমাদের যে এ ধরনের সুযোগ রয়েছে, তা এতদিন জানা ছিল না।" তিনি বলেন, "বিদ্যুৎ বিতরণে সবচেয়ে বেশি ঘাপলা। যে দামে গ্যাস বিক্রি হচ্ছে তা অযৌক্তিক। সরকার কতদিন ভর্তুকি দেবে।" জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব এ এম এম নাসির উদ্দিন বলেন, "আমাদের সুনির্দিষ্ট কয়লা নীতি না থাকায় চুক্তি করার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়। এদিকে সার কারখানা ও বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ করতে গিয়ে পেট্রোবাংলা ধারাবাহিকভাবে লোকসান দিচ্ছে।" সাবেক জ্বালানি সচিব তৌফিক ই এলাহী চৌধুরী বলেন, "নীতিমালা এমনভাবে করতে হবে, যাতে ভবিষ্যতে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করা যায়। এটাকে দলিল না করে রূপরেখা হিসাবে তৈরি করা ভাল।" বুয়েটের পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল রিসোর্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান এম তামিম বলেন, "বড়পুকুরিয়া ও ফুলবাড়িতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করলে ৮০ ভাগ কয়লা তোলা যাবে।" উন্নয়নের জন্য পরিবেশের কিছু ক্ষতি মেনে নিতেই হয় বলে মন্তব্য করেন তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনি বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক চৌধুরী কামরুজ্জামান বলেন, বড়পুকুরিয়ায় উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলন করলে ৯০ ভাগ কয়লাই তোলা সম্ভব। তা থেকে ২২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যায়।" বুয়েটের কেমি কৌশল বিভাগের অধ্যাপক ইজাজ হোসেন বলেন, ২০১৫ সালের মধ্যে গ্যাস শেষ হয়ে যাবে এটা ঠিক নয়। তবে আমাদের হাত গুটিয়ে বসে না থেকে অনুসন্ধান চালিয়ে যেতে হবে।" খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান বলেন, "সার কারখানা গুলোতে গ্যাস সরবরাহ করতে হবে। কারণ আমাদের দেশে কৃষকরা সারের জন্য প্রাণ দেয়।" 'এনার্জি অ্যান্ড পাওয়ার' এর সম্পাদক মোল্লা আমজাদ হোসেনের সভাপতিত্বে বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান ভূতত্ত্ববিদ ড. ইউনুস আকন। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিটি ব্যাংক এনএ এর হেড অব কর্পোরেট ব্যাংকিং আবরার এ আনোয়ার, পেট্রোবাংলার সাবেক পরিচালক মুইনুল আহসান, জ্বালানি বিশেষজ্ঞ মোশাররফ হোসেন, আহসান উল্লাহ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ--উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন, সাংবাদিক ফরিদ হোসেন প্রমুখ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমআই/এমএইচবি/১৮০৭ ঘ.