ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- বাজেটে কাঁচামাল ও মধ্যবর্তী পণ্য আমদানীর ওপর আমদানি শুল্ক বাড়ানোর সরকারি প্রস্তাবকে আত্মঘাতি আখ্যায়িত করেছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। এতে স্থানীয় শিল্প প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন তারা।
ব্যবসায়ীদের সমিতি এফবিসিসিআই এর সভাপতি মীর নাছির হোসেন তার প্রতিক্রিয়ায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের শিল্পপ্রতিষ্ঠানগুলোকে এমনিতেই কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে এগুতে হচ্ছে। শুল্ক বাড়ানো হলে প্রতিষ্ঠানগুলো আরও কঠিন অবস্থার মুখে পড়বে।"
অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা মো. আজিজুল ইসলাম নতুন অর্থ বছরের বাজেটে শুল্ক কাঠামো পুনর্গঠন করে সর্বনিম্ন শুল্ক পাঁচ থেকে ১০ শতাংশ বৃদ্ধির যে প্রস্তাব করেছেন তার প্রতিক্রিয়ায় এফবিসিসিআই সভাপতি একথা বলেন।
অর্থ উপদেষ্টা বৃহস্পতিবার ৮৭ হাজার ১৩৭ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন।
এই বাজেটে শুল্কহার পুনর্বিন্যস্ত করে ১০ শতাংশ, ১৫ শতাংশ ও ২৫ শতাংশের তিনটি স্তর প্রবর্তনের প্রস্তাব করা হয়েছে। এখনকার কাঠামোতে তিনটি স্তরের শুল্কহার হচ্ছে পাঁচ শতাংশ, ১২ শতাংশ ও ২৫ শতাংশ।
ব্যবসায়ীরা বলছেন, কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানির শুল্কহার পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হলে স্থানীয় শিল্প প্রতিষ্ঠানগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।
মীর নাছির বলেন, "আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর কাঁচামাল ও যন্ত্রপাতি আছে। আমাদেরকে ওইসব যন্ত্রপাতি আমদানি করে কাজ চালাতে হয়। এই অবস্থায় শুল্ক বাড়ানো হলে আমাদেরকে কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হবে।"
তিনি শুল্ক কাঠামো পরিবর্তনের প্রস্তাবটি পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বাজেটে কৃষি ভর্তুকি, আয় বৈষম্য কমানো এবং মূল্য নিয়ন্ত্রণ সম্পর্কিত পদক্ষেপের প্রশংসা করলেও শিল্পের কাঁচামালের ওপর শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত বিপজ্জনক হবে বলে মনে করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক জায়েদ বখত।
তিনি বলেন, "এটি একটি আত্মঘাতি প্রস্তাব। শুল্ক বাড়ানো হলে দেশের বিকাশমান শিল্পখাত দারুণভাবে বাধাগ্রস্ত হবে।"
জায়েদ বখত বলেন, "হাতেগোনা কয়েকজন উপদেষ্টার পক্ষে এতোবড় বাজেট বাস্তবায়ন কষ্টসাধ্য হবে। রাজস্ব আয় ও বিদেশি সাহায্য কম হওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয়ে দাঁড়াবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এসআর/আরবি/জেকে/জিএনএ/২৩৩৬ ঘ.
bdnews24