ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বাজারদর সহনীয় রাখার স্বার্থে অপরিশোধিত ভোজ্য তেল, মসুর ডালের ওপর থেকে আমাদনি শুল্ক সম্পূর্ণ তুলে নেওয়ায় প্রস্তাব করা হয়েছে ২০০৭--০৮ অর্থবছরের বাজেটে। এ ছাড়া চাল, গম, পেঁয়াজ, মটর ডাল, ছোলার ডালসহ যেসব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আমদানিশুল্ক এর আগে প্রত্যাহার করা হয়েছিল, তাও অব্যাহত রাখা হবে।
২০০৭--০৮ বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম এ প্রস্তাব রাখেন।
দেশে মূল্যস্ফীতির কারণ হিসেবে বিশ্ব বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, "আন্তর্জাতিক বাজারে প্রায় সব ধরনের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম ও পরিবহণ খরচ বেড়ে গেছে। অভ্যন্তরীণ বাজারেও এর প্রভাব পড়েছে।"
তিনি আরও বলেন, "রাজস্ব ক্ষতি সত্ত্বেও নিত্যপ্রয়োজনীয় বেশকিছু পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে বাজেটে বেশকিছু প্রস্তাব করেছি।"
বাজেটে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় কৃষকদের দুর্ভোগ কমাতে ৭৫০ কোটি টাকা ভর্তুকির প্রস্তাব দেওয়া হয়েছে। এই অর্থ কার্ডধারীদের মাঝে বিতরণ করা হবে।
এ ছাড়া সাধারণ জনগণের স্বাস্থ্যসেবার জন্য ইনসুলিনসহ বিভিন্ন জীবনরক্ষাকারী ওষুধ এবং কৃষকদের জন্য সার আমদানির ওপর বিদ্যমান শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখার প্রস্তাব করা হয়েছে।
অবশ্য অপরিশোধিত চিনির ওপর নির্দিষ্ট শুল্ক টনপ্রতি ২ হাজার ২৫০ টাকার পরিবর্তে ৪ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।
জনস্বাস্থ্যের প্রতি হুমকি প্রতিরোধে ফরমালিন ও স্টিয়ারিক এসিডের ওপর শুল্কহার ১২ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব রাখা হয়েছে।
জুন ২০০৭ পর্যন্ত মূল্যস্ফীতির হার ৭ শতাংশ থাকতে পারে জানিয়ে উপদেষ্টা বলেন, "আগামী অর্থবছরে মূল্যস্ফীতির হার সাড়ে ছয় শতাংশে নেমে আসবে বলে আশা করছি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/জেকে/এমএইচবি/১৮২৬ ঘ.
bdnews24