ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- ঢাকা পুঁজি বাজারে বুধবার দিনের মধ্যভাগ পর্যন্ত শেয়ার লেনদেনে এগিয়ে ছিল ব্যাংকগুলো। বিনিয়োগকারীদের মধ্যে ব্যাংকের শেয়ার কেনার প্রতি আগ্রহ থাকায় পুঁজি বাজারে চাঙ্গাভাব বিরাজ করছে। লেনদেনে নেতৃত্ব দিচ্ছে প্রাইম ব্যাংক।
তবে দিনের প্রথমভাগে বিনিয়োগকারীরা লভ্যাংশ উঠিয়ে নেওয়ায় সাধারণ সূচক বা ডিজিইএন সূচক কমে যায়। কিন্তু পরে আবার লেনদেন শুরু হওয়ায় স্বাভাবিক হয়ে আসে পরিস্থিতি।
বেলা ১২টা ০৯ মিনিটে ডিজিইএন ১৭ দশমিক ৬৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৭ শতাংশ বেড়ে ২ হাজার ২৪ দশমিক ৪৭ হয়েছে। অন্যদিকে সার্বিক সূচক বা ডিএসআই ১৩ দশমিক ১৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৬৮ দশমিক ৬০।
দিনের মধ্যভাগে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮০ কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকা। মঙ্গলবার দিনশেষে এই পরিমাণ ছিল ১৭৯ কোটি টাকা।
ওই সময় পর্যন্ত যে কয়টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে ৮২টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ারের দাম।
বেলা ১১টা ৫৯ মিনিটে প্রাইম ব্যাংকের শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এর পরপরই রয়েছে ব্র্যাক ব্যাংক, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, সাউথইস্ট ব্যাংক এবং এবি ব্যাংক।
ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ৭৩৩.২৫ টাকা থেকে বেড়ে ৭৩৮.৫০ টাকা হয়েছে। পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম ৬০৬.২৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৬০৯.৫০ টাকা।
সাউথইস্ট ব্যাংকের শেয়ারের দাম ৪৫৪.৭৫ টাকা থেকে বেড়ে ৪৬৩.৭৫ টাকা হয়েছে। অন্যদিকে এবি ব্যাংকের শেয়ারের দাম ১১১৬.৭৫ টাকা থেকে বেড়ে ১২২৫ টাকা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এফএফ/এসডি/১৩৫৭ ঘ.
bdnews24