২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক ও বিদ্যুৎ কোম্পানির নেতৃত্বে পুঁজি বাজার চাঙ্গা

ব্যাংক ও বিদ্যুৎ কোম্পানিগুলোর দাপটে রোববার দিনের মধ্যভাগে ঢাকা পুঁজি বাজারে লেনদেনের পরিমাণ ১০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এসময় পর্যন্ত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2007, 07:17 AM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ব্যাংক ও বিদ্যুৎ কোম্পানিগুলোর দাপটে রোববার দিনের মধ্যভাগে ঢাকা পুঁজি বাজারে লেনদেনের পরিমাণ ১০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এসময় পর্যন্ত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। ঢাকা পুঁজি বাজারের প্রধান নির্বাহী সালাহউদ্দিন আহমদ খান বলেন, "শেয়ারের দাম ও লেনদেন বেশ ভালো মনে হচ্ছে। দেখা যাক বাকি সময়টাতে শেয়ারবাজারে লেনদেনের অবস্থা কেমন দাঁড়ায়।" বেলা ১১টা ৪৩ মিনিটে সাধারণ সূচক বা ডিজিইএন ছয় দশমিক ৬২ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৩ শতাংশ বেড়ে ২ হাজার ১০ দশমিক ২১ হয়েছে। অন্যদিকে সার্বিক সূচক বা ডিএসআই ছয় দশমিক ১৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৬৪ দশমিক ৫০। দিনের মধ্যভাগে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১০১ কোটি ৫০ লাখ টাকা। বৃহস্পতিবার দিনশেষে এই পরিমাণ ছিল ১০৭ কোটি টাকা। রোববার যে কয়টি কোম্পানির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে তার মধ্যে দাম বেড়েছে ৮৫টির, দাম কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে নয়টি কোম্পানির শেয়ারের দাম। বেলা ১১টা ২৮ মিনিটে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক, সাউথইস্ট ব্যাংক এবং স্কয়ার ফার্মার শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম বেড়ে ৬২০ টাকা হয়েছে। বৃহস্পতিবার এ কোম্পানির শেয়ারের দাম ছিল ৫৯০.৭৫ টাকা। ২০০৭--০৮ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বিদ্যুৎ খাতের জন্য ১৬ শতাংশ বরাদ্দ রাখায় কোম্পানিটির শেয়ারের দাম বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ৭৮৩.৫০ টাকা থেকে কমে ৭০৩.২৫ টাকা হয়েছে। প্রাইম ব্যাংকের শেয়ারের দাম ৮৩২.৫০ টাকা থেকে কমে ৮২০ টাকা হয়েছে। সাউথইস্ট ব্যাংকের শেয়ারের দাম ৪৫৯.২৫ টাকা থেকে কমে ৪৩৯.২৫ টাকা হয়েছে। চাহিদা বেশি থাকায় স্কয়ার ফার্মার শেয়ারের দাম ৩৭৩২.৫০ টাকা থেকে বেড়ে ৩৮০০ টাকা হয়েছে। আরও যেসব কোম্পানির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে তাদের মধ্যে রয়েছে সামিট পাওয়ার, ডেসকো, পূবালী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং প্রিমিয়ার ব্যাংক। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এফএফ/এসডি/১৩১০ ঘ.