২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এ মাসেই পাম তেলের দাম সয়াবিনকে ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা

দেশে পাম তেলের দাম দ্রুত বাড়ছে। পাইকারি বাজারে পাম ও সয়াবিন তেলের দামের পার্থক্য এরইমধ্যে অনেকখানি কমে এসেছে। ব্যাবসায়ীদের আশঙ্কা, এ মাসের মধ্যেই পাম তেলের দাম সয়াবিনকে ছাড়িয়ে যেতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2007, 03:21 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

ঢাকা, জুন ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দেশে পাম তেলের দাম দ্রুত বাড়ছে। পাইকারি বাজারে পাম ও সয়াবিন তেলের দামের পার্থক্য এরইমধ্যে অনেকখানি কমে এসেছে। ব্যাবসায়ীদের আশঙ্কা, এ মাসের মধ্যেই পাম তেলের দাম সয়াবিনকে ছাড়িয়ে যেতে পারে। ভোজ্য তেল ব্যবসায়ীরা জানিয়েছেন, গত দেড় মাসে আন্তর্জাতিক বাজারে পাম তেলের দাম সয়াবিন তেলের চেয়েও বেড়ে যাওয়ায় বাংলাদেশে এর প্রভাব পড়তে শুরু করেছে। বৃহস্পতিবার পুরান ঢাকার মৌলভীবাজারে ভোজ্য তেলের পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, কেজি প্রতি সয়াবিন ও পাম তেলের দামের পার্থক্য মাত্র ৫৩ পয়সা। অথচ গত মাসের শুরুতেও কেজি প্রতি পার্থক্য ছিল চার থেকে ছয় টাকা। সিটি গ্র"পের ডিলার ও পাইকারি বিক্রেতা শাহজাহান জানান, বৃহস্পতিবার মন প্রতি খোলা পাম তেল বিক্রি হয়েছে ২৬৪০ টাকায়। সয়াবিন তেলের দাম ছিল ২৬৬০ টাকা। তিনি বলেন, কয়েক মাস আগে আমদানি করা পাম তেল এখন সয়াবিন তেলের চেয়ে কম দামে বিক্রি হচ্ছে। তবে এ মাসের মধ্যেই পাম তেলের দাম সয়াবিনের চেয়ে বেড়ে যেতে পারে। গত এপ্রিলের মাঝামাঝি সময়ে আন্তর্জাতিক বাজারে পাম তেলের দাম ১০ বছরের মধ্যে প্রথমবারের মতো সয়াবিনকে অতিক্রম করে। সয়াবিনের চেয়ে কম দামের কারণে এতোদিন দেশে পাম তেলের ব্যবহার ক্রমাগত বেড়েছে। গত দেড় দশকে দেশে যে পরিমাণ ভোজ্য তেল বিক্রি হয়েছে তার ৭০ ভাগই পাম তেল। এখন পাম তেলেরও দাম বাড়তে থাকায় সয়াবিন তেলের চাহিদা বাড়বে বলেই মনে করেন ব্যবসায়ীরা। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বৃহস্পতিবার বাজার দরের যে তালিকা প্রকাশ করেছে তাতে দেখা যায়, মে মাসের শুরুতে পাম ও সয়াবিন তেলের খুচরা দামের পার্থক্য ছয় টাকা থাকলেও মাসের শেষ পর্যায়ে এই পার্থক্য এক থেকে দেড় টাকা হয়েছে। টিসিবির পরিসংখ্যান অনুযায়ী, গত এক বছরে পাম তেলের দাম ৭৪ শতাংশ বেড়েছে। এই সময়ের মধ্যে সয়াবিন তেলের দাম বেড়েছে ৫১ শতাংশ। মালেশিয়ান পাম ওয়েল কাউন্সিলের আবাসিক প্রতিনিধি একেএম ফাকরুল আলম বলেন, আন্তর্জাতিক বাজারের নতুন দামের পাম তেল এখনও আমদানি শুরু হয়নি। নতুন পাম তেল বাজারে আসতে শুরু করলেই এর দাম আরো বাড়বে এবং চাহিদা কমবে। ফলে সয়াবিন তেলের চাহিদা বেড়ে যাবে। এর আগে ১৯৯৮ সালে দুই--তিন মাস পাম তেলের দাম সয়াবিনের চেয়ে বেশি ছিল জানিয়ে তিনি বলেন, এ বছর সয়াবিন তেল আমদানি কম হয়েছে। নতুন করে সয়াবিন তেলের চাহিদা বেড়ে গেলে সঙ্কট আরো বাড়বে। মালেশিয়ান পাম ওয়েল কাউন্সিলের হিসেবে, বিশ্বের সবচেয়ে বড় পাম তেল রপ্তানিকারক দেশ মালেশিয়ার বাজারে এই তেলের দাম ১৮ সপ্তাহ ধরে ক্রমাগত বেড়েছে। আন্তর্জাতিক বাজারে পাম তেল এখন টন প্রতি ৮৫০ ডলারে বিক্রি হচ্ছে। এপ্রিলের মাঝামাঝি সময়ে প্রতি টন সয়াবিন তেলের দাম ছিল ৭৫০ মার্কিন ডলার। সে সময় পাম তেল বিক্রি হয়েছে ৭৫৫ মার্কিন ডলারে। মালেশিয়ান পাম ওয়েল কাউন্সিলের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসে অপরিশোধিত পাম তেলের আমদানি গত বছরের ওই সময়ের তুলনায় ৫৪ শতাংশ কমেছে। এবছর ওই চার মাসে ৫৬ হাজার ২৬০ টন পাম তেল আমদানি হয়েছে। গত বছর আমদানির পরিমাণ ছিল ১ লাখ ২১ হাজার টন। ওই চার মাসের হিসেবে গতবছরের তুলনায় এবছর অপরিশোধিত সয়াবিন তেলের আমদানিও ৪৬ হাজার টন কমেছে। এবছর জানুয়ারি-- এপ্রিল সময়ে সয়াবিন তেল আমদানি হয়েছে ৯৫ হাজার মেট্রিক টন। গত বছর একই সময়ে আমদানির পরিমাণ ছিল ১ লাখ ৩৩ হাজার টন। চলতি বছরে এ পর্যন্ত সরিষা বীজ আমদানি করা না হলেও গত বছরের প্রথম চার মাসে ৭০ হাজার টন সরিষা বীজ আমদানি হয়েছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরজেড/জেকে/জিএনএ/১৭৪০ ঘ.