ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ঢাকার শেয়ার বাজারে সাধারণ মূল্য সূচক বৃহস্পতিবার ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। দিনের মধ্যভাগে এসে ব্যাংক, বিদ্যুৎ এবং ওষুধ কোম্পানির শেয়ার লেনদেনের বদৌলতে সূচক কাটা দুই হাজার ১১ দশমিক ৪৬ পয়েন্টের ঘরে পৌঁছে। ২০০১ সালের পর থেকে এ সূচকের প্রবর্তনের পর থেকে এই অবস্থানই সর্বোচ্চ।
'এ', 'বি', 'জি' ও 'এন' এই চার বিভাগের ভালোমানের শেয়ারের ওপর ভর করে ২০০১ সালের ২৭ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ মূল্য সূচকের যে ধারা শুরু করেছিল তাতে প্রথম সূচকের ভিত্তি হিসেবে ছিল ৮১৭ দশমিক ৬২ পয়েন্ট। এর পর ২০০৫ সালের ১ জানুয়ারি কাটা পৌঁছে তখনকার সর্বোচ্চ অবস্থানে। ওই সময় সাধারণ মূল্য সূচক এক হাজার ৯৯৯ দশমিক ৭১ পয়েন্ট পর্যন্ত হয়েছিল।
বাজার বিশ্লেষক মইন আল কাশেম বলেন, "ব্যাংকিং খাতের শেয়ারের বদৌলতে মূল্য সূচক এ অবস্থানে পৌঁছেছে। মূলত ব্যাংকিং খাতে উচ্চ বিনিয়োগ এবং শেয়ারের উচ্চ মূল্যই এই সূচক কাটার অবস্থান পরিবর্তনে ভূমিকা রেখেছে।"
দুপুর ১২টা ২১ মিনিটে ডিজিইএন বা সাধারণ মূল্য সূচক ৫৫ দশমিক ০৬ পয়েন্ট বা দুই দশমিক ৮১ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে দুই হাজার ১১ দশমিক ৪৬ পয়েন্ট। অন্যদিকে ডিএসআই বা সার্বিক মূল্যসূচক ৩৯ দশমিক ০৭ পয়েন্ট বা দুই দশমিক ৪০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে এক হাজার ৬৬০ দশমিক ৬৬ পয়েন্টের ঘরে পৌঁছে।
এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৯৪ কোটি ৮২ লাখ ১০ হাজার টাকা। বুধবার লেনদেনের এই অঙ্ক ছিল ১৬১ কোটি টাকা।
দিনের মধ্যভাগ পর্যন্ত লেনদেন হয়েছে মোট ১৫৬টি কোম্পানির শেয়ার। যার মধ্যে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ৩৪টির এবং ১৩টি প্রতিষ্ঠানের শেয়ার রয়েছে অপরির্বতিত।
বেলা পৌনে ১২টা পর্যন্ত লেনদেনের দিক দিয়ে স্কয়ার ফার্মা, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, সাউথইস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক এবং এক্সিম ব্যাংক বাজার নিয়ন্ত্রণ করতে দেখা গেছে।
স্কয়ার ফার্মা মোট ১৬ কোটি এক লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। আর প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বুধবারের তিন হাজার ৫০৫ টাকা ২৫ পয়সা থেকে বেড়ে হয়েছে তিন হাজার ৭৬৮ টাকা।
পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ার ৫৯১ টাকা থেকে বেড়ে ৫৯৩ টাকা ২৫ পয়সা হয়েছে।
এ ছাড়া সাউথইস্ট ব্যাংকের শেয়ার ৪৪৯ টাকা থেকে এক লাফে বেড়ে ৪৬৪ টাকায় লেনদেন হচ্ছে। প্রাইম ব্যাংকের শেয়ারের দামও বেড়েছে। ব্যাংকটির শেয়ার ৮১৬ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ৮৫৭ টাকা হয়েছে। এক্সিম ব্যাংকের শেয়ারের দাম হয়েছে ৪১৮ টাকা। বুধবারও ব্যাংকটির শেয়ার ৩৯০ টাকায় লেনদেন হয়েছিল।
শেয়ার বাজারে পূবালী ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট, সামিট পাওয়ার, ন্যাশনাল ব্যাংকের শেয়ারের দাম বাড়লেও কমেছে প্রিমিয়ার ব্যাংকের শেয়ারের দাম।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এএল/কেএম
bdnews24