২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঙ্গা রয়েছে পুঁজিবাজার

জ্বালানি, বিদ্যুৎ, ব্যাংক, মিউচুয়াল ফান্ড ও তথ্য প্রযুক্তি খাতের আকর্ষনীয় শেয়ার ক্রয় অব্যাহত থাকায় বুধবার শেয়ার বাজারে লেনদেনে চাঙ্গাভাব বজায় ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2007, 04:29 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

ঢাকা, মে ৩০ (বিডি নিউজ টুয়েন্টি ফোর ডট কম)-- জ্বালানি, বিদ্যুৎ, ব্যাংক, মিউচুয়াল ফান্ড ও তথ্য প্রযুক্তি খাতের আকর্ষনীয় শেয়ার ক্রয় অব্যাহত থাকায় বুধবার শেয়ার বাজারে লেনদেনে চাঙ্গাভাব বজায় ছিল। দিনের মধ্যভাগ পর্যন্ত ঢাকা পুঁজি বাজার চাঙ্গা থাকলেও লভ্যাংশ তুলে নেওয়ার কারণে দিনের শেষভাগে বাজার কিছুটা ঝিমিয়ে পড়ে। লংকা াবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী বলেন, "সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আত্মবিশ্বাস কম মনে হয়েছে। অনেক বিনিয়োগকারী লেনদেনে অংশ নেননি। তবে লেনদেনের পরিমাণ দেখে মনে হচ্ছে বাজারের অবস্থা ইতিবাচক।" দিনশেষে ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৬১ কোটি টাকা। মঙ্গলবার ডিএসইতে ১৭২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জে (সিএসই) বুধবার ২৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আগের দিন লেনদেনের পরিমাণ ছিল ২৩ কোটি ৯৩ লাখ ৬০ হাজার টাকা । সিমেন্ট খাতের শেয়ারের দাম বাড়লেও তথ্য প্রযুক্তি খাতের শেয়ারের দাম কমেছে। দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৭ দশমিক ৫৪ পয়েন্ট বা দশমিক ৩৮ শতাংশ বেড়ে ১৯৫৬ দশমিক ৩৯ পয়েন্ট হয়। এছাড়া ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক দশমিক ৫২ পয়েন্ট বা দশমিক ৩২ শতাংশ বেড়ে ১৬২১ দশমিক ৫৯ পয়েন্ট হয়। আকর্ষনীয় ডিএসই--২০ ব্লুচিপ শেয়ার সূচক ৫ পয়েন্ট বা দশমিক ২৮ শতাংশ বেড়ে ১৭৪৩ দশমিক ৭১ পয়েন্ট হয়। সিএসইতে সব শেয়ার সূচক ঊর্ধ্বমুখী ছিল। লেনদেনের তালিকার শীর্ষে থাকা সাউথ ইস্ট ব্যাংকের মোট লেনদেনের পরিমাণ ছিল ১৮ কোটি ৫১ লাখ ২০ হাজার টাকা। তাদের শেয়ারের দাম ৭ দশমিক ২২ শতাংশ বেড়ে ৪৪৯ টাকা হয়েছে। সাউথ ইস্ট ব্যাংকের সেক্রেটারি আস্কেদ মোহাম্মেদ শাহজাহান জানান, ব্যাংক শেয়ার ভালো করার কারণে শেয়ারের দাম বেড়েছে। লভ্যাংশ তুলে নেওয়ার কারণে বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম দশমিক ৩৭ শতাংশ কমে ৫৯৩ টাকা ২৫ পয়সা হয়। প্রাইম ব্যাংকের শেয়ার ৫ দশমিক ৬০ শতাংশ কমে ৮১৬ টাকা ৫০ পয়সা হয়েছে। ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, সৌদি বিনিয়োগকারীদের সঙ্গে সহ--প্রতিষ্ঠানের বিষয়ে সমঝোতা স্বাক্ষরের বিষয়ে আর কোনো অগ্রগতি হয়নি। ব্যাংক কর্তৃপক্ষ আরও জানায়, আগামী ৩১ তারিখের সভায় অনুমোদিত মূলধন বৃদ্ধি বা রাইট শেয়ার চালুর বিষয়ে কোনো আলোচ্যসূচী নির্ধারিত করা হয়নি। স্কয়ার ফার্মার শেয়ার ২ দশমিক ৫৬ শতাংশ বেড়ে ৩৫০৫ টাকা ২৫ পয়সা হয়। ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম এক দশমিক ৫২ শতাংশ বেড়ে ৭৮৩ টাকা ৫০ পয়সা হয়। ২০০৬ সালে প্রতিষ্ঠানটির নিট মুনাফা ৩৩ কোটি ৪৩ লাখ টাকা হয়েছে। ২০০৫ সালে তাদের মুনাফার পরিমাণ ছিল ১৯ কোটি ২৬ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। ২০০৬ সালে ব্যাংকটি প্রতি পাঁচটি শেয়ারের বিপরীতে একটি বোনাস শেয়ার ঘোষণা করে। ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমদিকে ছিল সাউথইস্ট ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট এবং ন্যশনাল ব্যাংক। ক্ষতিগ্রস্তদের তালিকায় শীর্ষে ছিল রোজ হ্যাভেন বল পেন, গোল্ডেন সন এবং শ্যামপুর সুগার। দিনশেষে ডিএসইতে ৬৫ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১২০ টির এবং অপরিবর্তিত ছিল ১৭ টির দাম। সিএসইতে ৩৪ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৬০ টির দাম কমেছে এবং ৬ টির দাম অপরিবর্তিত ছিল। বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/জিএনএ/২২২১ ঘ.