২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলা বন্দরেও চালু হচ্ছে বার্থ অপারেশন পদ্ধতি

মংলা বন্দরেও ডক শ্রমিক পরিচালনা বোর্ড বিলুপ্ত করে চট্টগ্রাম বন্দরের মতো সেখানে বার্থ অপারেশন পদ্ধতি চালু করা হচ্ছে। তবে আপাতত এই বন্দরকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 04:10 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

নৌ উপদেষ্টা এম এ মতিন রোববার সকালে মংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে বন্দরের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান।

তিনি বলেন, মংলা বন্দরকে আরও গতিশীল করতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখানে জাহাজ আসার সংখ্যা বাড়াতে সরকারি পর্যায়ে আমদানি ও রপ্তানির একটি অংশ এই বন্দরে স্থানান্তর করা হবে। এছাড়া পদ্মা সেতু বাস্তবায়ন হলে মংলা বন্দরের গুরুত্ব অনেক বেড়ে যাবে।

উপদেষ্টা বলেন, শ্রমিক অসন্তোষ, নিরাপত্তার অভাব এবং বিভিন্ন সময়ে ৯৬টি জাহাজের বিরুদ্ধে হয়রাণীমূলক মামলা করায় মংলা বন্দর আন্তর্জাতিকভাবে প্রচণ্ড ইমেজ সংকটে ভুগছে। এ অবস্থায় মংলা বন্দরে নিরাপত্তা নিশ্চিত করাসহ আর কোনো জাহাজের বিরুদ্ধে যাতে হয়রাণীমূলক মামলা না হয় সেদিকে নজর রাখা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আকরাম পয়েন্টে গভীর সমদ্রবন্দর করা যাচ্ছে না। আন্তর্জাতিক জরিপকারীদের প্রতিবেদন অনুযায়ী চট্টগ্রামের সোনাদিয়া ও কুতুবদিয়াকে গভীর সমুদ্রবন্দরের জন্য অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন করা হয়েছে।

মতবিনিময় সভায় মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আশরাফ মোহম্মদ ইকবাল বন্দরের সার্বিক প্রতিবেদন উপস্থাপন করেন। সভায় অন্যান্যের মধ্যে খুলনার বিভাগীয় কমিশনার ইউনুসুর রহমান, খুলনা রেঞ্জের ডিআইজি মো. মেজবাহুন্নবী, নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুল মতিন, বাগেরহাটের জেলা প্রশাসক মো. সহিদুল ইসলাম ও পুলিশ সুপার এ কে এম শহিদুর রহমানসহ বন্দরের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর দুপুরে উপদেষ্টা এম এ মতিন বন্দরের জেটি ও চ্যানেল পরিদর্শন করেন।