২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে আমদানি করতে চায় বিডিআর

দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে খাদ্য আমদানি এবং বিপণনের অনুমতি দেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)। এ জন্য প্রয়োজনীয় অর্থ যোগান দিতে সরকারের কাছে সুদমুক্ত ঋণও চেয়েছে নিরাপত্তা সংস্থাটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2007, 06:29 AM

Updated : 26 Apr 2022, 02:22 PM

শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আলাদা এক বৈঠকে বিডিআর এর পক্ষ থেকে এ

প্রস্তাব উত্থাপন করা হয়। এ সময় প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্যরা, সেনাপ্রধান, বিডিআর এর মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফাহিম মুনয়েম জানান, সরকার এ প্রস্তাব অনুমোদন করলে তা বাস্তবায়নের কাজ শুরু করবে বিডিআর। এছাড়া রোজার মাস সামনে রেখে ছোলা, পেঁয়াজ, ভোজ্যতেলসহ অন্যান্য পণ্যের দাম যেন সহনীয় পর্যায়ে থাকে সে জন্য বিডিআর এখন থেকেই কাজ করবে।

টিসিবি--কে বাদ দিয়ে কেন বিডিআরকে খাদ্য আমদানির অনুমতি দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে ফাহিম মুনয়েম বলেন, “বিডিআরকে এখনও অনুমতি দেওয়া হয়নি। আজ(শনিবার) তারা প্রস্তাব দিয়েছে। এর আগে টিসিবি থেকেও এ ধরনের একটি প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় ও সিপিডি থেকেও পৃথক পৃথক প্রস্তাব এসেছে। সরকার

প্রস্তাবগুলো বিবেচনা করেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।”

প্রেস সচিব জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে দ্রব্যমূল্য নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, “সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে উদ্বিগ্ন। এটা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তবে আমদানি নির্ভর পণ্যের ক্ষেত্রে বিশ্ববাজারে তার মূল্যও বিবেচনায় রাখতে হবে।”

ফাহিম মুনয়েম জানান, আগে ভারত থেকে ডাল আমদানি করা হতো, কিন্তু এবার ভারতে ডালের উৎপাদন কম হওয়ায় অন্য দেশের দিকে হাত বাড়াতে হবে।

ভোজ্য তেলের দাম এবং পরিবহনের ভাড়ার বিষয়টি কিভাবে সমন্বয় করা যায় সে বিষয়ে সরকার সক্রিয়ভাবে চিন্তাভাবনা করছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, রাজধানীতে চারটি পাইকারি বাজার বসানোর জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে।