নয় মাসে প্রতিশ্রুত সাহায্যের দুই শতাংশেরও কম ছাড় করেছে দাতারা
বাংলাদেশে প্রতিশ্রুত খাদ্য সহায়তা ছাড় করছে না দাতা গোষ্ঠীগুলো। ফলে খাদ্য চাহিদা মেটাতে হিমসিম খাচ্ছে সরকার; বাড়ছে মূল্যস্ফীতি। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ জানায়, ২০০৬-’০৭ অর্থবছরের প্রথম নয় মাসে প্রতিশ্রুত খাদ্য সাহায্যের মাত্র এক দশমিক ৮৪ শতাংশ এবং নগদ সহায়তার এক দশমিক ৩৩ শতাংশ ছাড় করেছে দাতা গোষ্ঠীগুলো।
ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, ইতালি, অস্ট্রেলিয়া ও বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) চলতি অর্থবছরে খাদ্য সাহায্য হিসেবে বাংলাদেশকে ৬ লাখ ৮১ হাজার ৯৩২ টন গম, ১১ হাজার ৪০৫ টন ডাল এবং ৯ কোটি ১ লাখ ৬৯ হাজার ডলার অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিল।
তবে শুধু ডব্লিউএফপি চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত ১২ হাজার ৬০০ টন গম এবং ১২ লাখ ডলার সাহায্য ছাড় করেছে। যদিও চলতি অর্থবছরে তারা ৫ লাখ ৩৭ হাজার ৯৩২ টন গম দেওয়ার আশ্বাস দিয়েছিল।
অর্থনৈতিক সমীক্ষা অনুসারে ২০০৫-’০৬ অর্থবছরের প্রথম ছয় মাসে খাদ্য সাহায্য হিসেবে বাংলাদেশ ৯১ হাজার টন গম এবং ৩ হাজার টন চাল পেয়েছিল। এছাড়া ২০০৪-’০৫ অর্থবছরে ২৭ হাজার টন চাল এবং ২ লাখ ৬৩ হাজার টন গম এবং ২০০৩-০৪ অর্থবছরে চার হাজার টন চাল এবং ২ লাখ ৮৫ হাজার টন গম খাদ্য সাহায্য পেয়েছিল।
চলতি বছর অস্ট্রেলিয়া বাংলাদেশকে ১২ হাজার টন গম ও ৩৩ হাজার ডলার, ফ্রান্স ৫০ হাজার টন গম ও এক কোটি ৬২ লাখ ৮১ হাজার ডলার এবং ইউরোপিয়ান ইউনিয়ন ৮২ হাজার টন গম ও ২ কোটি ৩২ লাখ ৭ হাজার ডলার খাদ্য সাহায্য দেওয়ার আশ্বাস দিয়েছিল।
নামপ্রকাশে অনিচ্ছুক ইআরডি’র এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “চলতি অর্থবছরের মার্চ মাস পর্যন্ত এসব দেশ তাদের প্রতিশ্রুত সাহায্যের কিছুই ছাড় করেনি।”
তিনি জানান ইতালি ৩৫ লাখ ৯৭ হাজার ডলার দেওয়ার কথা বললেও এখন পর্যন্ত একটি ডলারও দেয়নি।
ডব্লিউএফপি ঢাকা শাখার কর্মসূচি প্রধান রেজাউল করিম বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “এটা সত্যি, ডব্লিউএফপি খাদ্য সাহায্য হিসেবে মাত্র ১২ হাজার ৬০০ টন গম ছাড় করেছে।”
তবে প্রতিশ্রুত সাহায্যের বাকি ৫ লাখ ২৫ হাজার ৩৩২ টন গম এবং ১১ হাজার ৪০৫ টন ডাল কেন ছাড় করা হয়নি সে বিষয়ে কিছু জানাতে অসম্মতি জানান তিনি।
ডব্লিউএফপি’র মতে, বাংলাদেশ একটি নিম্ন আয় ও খাদ্য ঘাটতির দেশ এবং বছরে গড়ে ২০ লাখ টন খাদ্যশস্য আমদানি করে থাকে। তারা জানায়, প্রায় ৬ কোটি ৩০ লাখ মানুষ খাদ্য-দারিদ্র্য সীমার নিচে বাস করে এবং তাদের আয়ের ৭০ শতাংশ খাবার কেনার পেছনে ব্যয় হয়। এদের মধ্যে ২ কোটি ৮০ লাখ মানুষ ‘চরম দারিদ্র্যের মধ্যে বাস করে।
এছাড়া তারা চরম অপুষ্টি এবং নিরবচ্ছিন্ন খাদ্য নিরাপত্তাহীনতার শিকার হয় বলে ডব্লিউএফপিএ জানায়।
