২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকিং ও ওষুধ খাতের শেয়ারের ওপর ভর করে লেনদেন বেড়েছে

ব্যাংকিং ও ওষুধ খাতের ওপর ভর করে বুধবার শেয়ার বাজারে লেনদেন বেড়েছে। তবে কয়েকটি প্রতিষ্ঠান লভ্যাংশ তুলে নেওয়ায় এদিন বাজারে লাভবানদের তুলনায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের সংখ্যা বেশি ছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2007, 10:17 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

লঙ্কাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী মোহাম্মদ নাসির উদ্দিন খান চৌধুরী বলেন, “বাজার ও সূচকের অবস্থা এখন ভালো। ব্যাংকগুলো আমানতের সুদের হার কমানোয় অনেক বিনিয়োগকারীই পুঁজি বাজারে আসতে আগ্রহী হবে।”

পাশাপাশি ব্যাংকগুলোও পর্যাপ্ত তহবিল নিয়ে বাজারে অংশ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দিনশেষে ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৩৮ কোটি টাকা। মঙ্গলবার লেনদেন হয়েছে ১০৬ কোটি টাকার শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জে (সিএসই) বুধবার ২৩ কোটি ১৭ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ১৭ কোটি ৭৭ লাখ ৭০ হাজার টাকা ।

দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ১০ দশমিক ৬৫ পয়েন্ট বা দশমিক ৫৬ শতাংশ বেড়ে ১৯০২ দশমিক ১৭ পয়েন্ট হয়।

এছাড়া ডিএসআই বা সার্বিক সূচক ৯ দশমিক ৭৬ পয়েন্ট বা দশমিক ৬১ শতাংশ বেড়ে ১৬০৪ দশমিক ০২ পয়েন্ট হয়।

আকর্ষণীয় ডিএসই--২০ ব্লুচিপ শেয়ার সূচক ৩৮ দশমিক ২৫ পয়েন্ট বা ২ দশমিক ৪১ শতাংশ বেড়ে ১৬২৫ পয়েন্ট হয়।

সিএসইতেও বুধবার সব শেয়ার সূচক ঊর্ধ্বগামী ছিল।

লেনদেন তালিকার প্রথম দিকেই ছিল ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক, বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি, স্কয়ার ফার্মা ও সাউথ ইস্ট ব্যাংকের শেয়ার ।

বিদেশি বিনিয়োগের কারণে বুধবার লেনদেনের তালিকার শীর্ষে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ৪ দশমিক ৮৯ শতাংশ বেড়ে ৭৬০ টাকা ৭৫ পয়সা হয়। এদিন এই ব্যাংকের ১৮ কোটি ৫৩ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

এছাড়া প্রাইম ব্যাংকের শেয়ারের দাম ৬ দশমিক ৬৩ শতাংশ বেড়ে ৬৭৫  টাকা হয়। দিনশেষে ব্যাংকটির মোট লেনদেন ছিল ১৩ কোটি ৯৭ লাখ ৭০ হাজার টাকা।

এসএআর সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আতাউর রহমান বলেন, “ব্যাংকিং খাতে ওপর ক্রেতাদের আত্মবিশ্বাস বেড়েছে। তাছাড়া ওষুধ খাতের ব্যাপারেও বিনিয়োগকারীরা আকৃষ্ট হচ্ছেন।”

এদিকে লভ্যাংশ তুলে নেওয়ায় পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম দশমিক ০৮ শতাংশ কমে ৫৬৭ টাকা ৫০ পয়সা হয়েছে।

যুক্তরাজ্যের অনুমোদন পাওয়ায় এবং ইউরোপের বাজারে প্রবেশের সুযোগ তৈরি হওয়ায় স্কয়ার ফার্মার শেয়ার ৪ দশমিক ৪৩ শতাংশ বেড়ে ৩০৯৫ টাকা ৫০ পয়সা হয়েছে।

ডিএসইতে লাভবানদের তালিকায় শীর্ষে ছিল সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, মুন্নু সিরামিক ও ইউসিবিএল। অন্যদিকে সোস্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক, গোল্ডেন সন ও এক্সেলসিওর সুজ সবচে বেশি ক্ষতির শিকার হয়েছে।

দিনশেষে ডিএসইতে ৭৯ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১০৬। অপরিবর্তিত ছিল ২৮ টির দাম। সিএসইতে ৪১ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৫১ টির দাম কমেছে এবং ৭ টির দাম অপরিবর্তিত ছিল।