২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্থিক বিবরণীতে বিভ্রান্তির দায়ে আরও তিন প্রতিষ্ঠানের ১৪ জনের জরিমানা

আর্থিক অবস্থা সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার কারণে সিকিউরিটিজ অ্যান্ড এক্সেচেঞ্জ কমিশন (এসইসি) মঙ্গলবার আরও তিনটি প্রতিষ্ঠানের ১৪ জন পরিচালককে এক লাখ টাকা করে জরিমানা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2007, 07:33 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

প্রতিষ্ঠানগুলো হলো-- নিলয় সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সালেহ কার্পেট মিলস লিমিটেড এবং রাসপিট ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন লিমিটেড।

এর আগে একই কারণে সোমবার ডাইনামিক টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, লেক্সকো লিমিটেড এবং সজীব নিটওয়্যার অ্যান্ড গার্মেন্টস লিমিটেডের ১৬ জন পরিচালককে জরিমানা করা হয়।

এসইসি জানায়, নিলয় সিমেন্ট আন্তর্জাতিক অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড (আইএএস) অনুযায়ী তাদের আর্থিক বিবরণী প্রস্তুত না করে আইন ভঙ্গ করেছে।

এছাড়া, সালেহ কার্পেট ২০০৬ সালের অর্ধ--বার্ষিক হিসাব বিবরণী দাখিল এবং ২০০৬ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত না করে এবং রাসপিট ডাটা ২০০৫ ও ২০০৬ সালের অর্ধ--বার্ষিক হিসাব বিবরণী দাখিল এবং২০০৬ সালের বার্ষিক সাধারণ সভা না করে আইন ভেঙেছে।

এসইসির নির্বাহী পরিচালক মনসুর আলম মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, “ আইএএস অনুসরণ না করায় প্রতিষ্ঠানগুলোর আর্থিক অবস্থা সম্পর্কে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।”

অভিযুক্তরা হলেন-- নিলয় সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মাতলুব আহমদ, পরিচালক হুমায়ুন কবির খন্দকার, সেলিমা আহমদ, আব্দুল মুসাব্বির আহমদ, মো. আনোয়ার হোসেন, মো. আলতাফ হোসেন এবং এসএ কাসেম।

সালেহ কার্পেট এর চেয়ারপারসন দিলারা বেগম, ব্যবস্থাপনা পরিচালক শামীম আরা বেগম, পরিচালক রেজাউল করিম এবং বদরূল হক।

রাসপিট ডাটা এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক, পরিচালক মো. আশরাফুল আলম এবং লে. কর্নেল (অব.) বিরাজুল ইসলাম।

কমিশন অভিযুক্তদের ১৫ দিনের মধ্যে জরিমানার টাকা পরিশোধ এবং প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী ঠিক করার জন্য নির্দেশ দিয়েছে। আইএএস আনুসারে আর্থিক বিবরণী প্রস্তুতে এবং বার্ষিক সাধারণ সভা করতে দেরি হলে সেটা আইনের লঙ্ঘন বলে গন্য করা হবে এবং প্রতিদিন দেরির জন্য ১০ হাজার টাকা করে জরিমানা হবে।