২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ডের পরদিন পুঁজি বাজারে মন্দা

মাত্র আগের দিনই ১৬০ কোটি টাকার লেনদেন করে রেকর্ড গড়েছিল ঢাকা শেয়ার বাজার। সোমবার সকাল থেকে দিনের মধ্যভাগ পর্যন্ত সেই ফুরফুরে আমেজ সহসাই ঝিমিয়ে পড়ে বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার কারণে। তবে এর ফলে টানা আটদিনের চাঙ্গাভাবে ছেদ পড়লেও মোট লেনদেনে খুব একটা প্রভাব পড়েনি। আগের দিনগুলোর মতোই তা ছিল ঊর্ধ্বমুখী। ব্যাংক ও বিদ্যুৎ কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হঠাৎ করেই কমে যাওয়ায় দিনের প্রথমভাগেই এর প্রভাব পড়ে বাজারে। বেলা ১১টা ৫০ মিনিটে সাধারণ সূচক বা ডিজিইএন ১৬ দশমিক ৮৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৭ শতাংশ কমে ১ হাজার ৯১০ দশমিক ১৯ এ দাঁড়ায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2007, 01:21 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

অন্যদিকে সার্বিক মূল্য সূচক বা ডিএসআই ১৩ দশমিক ০৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৮০ শতাংশ কমে এক হাজার ৬০৩ দশমিক ০১ হয়।

দিনের মধ্যভাগ পর্যন্ত মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৯ কোটি ৮ লাখ ৬০ হাজার টাকা। রোববার দিনশেষে এর পরিমাণ ছিল ১৬০ কোটি টাকা।

সোমবার দিনের শুরু থেকে যে কয়টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে তার মধ্যে দাম কমেছে ৯৪টির, বেড়েছে ৬৪টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ারের দাম।

বেলা সাড়ে ১১টার দিকে হাইডেলবার্গ সিমেন্ট, ব্র্যাক ব্যাংক, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, স্কয়ার ফার্মা এবং প্রাইম ব্যাংক লেনদেনে এগিয়ে ছিল।

হাইডেলবার্গ সিমেন্টের শেয়ার বিক্রি হচ্ছে ৮৪৫ টাকায়। রোববার এর দাম ছিল ৭৮৮ টাকা। সোমবার দিনের শুরু থেকে মধ্যভাগ পর্যন্ত কোম্পানিটি ৭ কোটি ৬ লাখ ৬৬ হাজার টাকার লেনদেন করে। 

বিক্রির হার বেড়ে যাওয়ায় ব্র্যাক ব্যাংকের শেয়ারের দামও আগের দিনের ৬৯৯ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭১৫ টাকা। এদিক দিয়ে পাওয়ার গ্রিডের শেয়ারের দাম কমে হয়েছে ৫৮২ টাকা। রোববার যা বিক্রি হয়েছে ৫৯১ টাকায়। বিনিয়োগকারীরা আগের দিনের ব্যবসা থেকে মুনাফা তুলে নেওয়ায় এই অবস্থা হয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

স্কয়ার ফার্মার শেয়ার  অবশ্য ২ হাজার ৯২৫ টাকা ২৫ পয়সা থেকে বেড়ে ২ হাজার ৯৭৫ টাকায় লেনদেন হচ্ছে। কোম্পানিটি এখন থেকে ইউরোপ ও অস্ট্রেলিয়ার বাজারে রপ্তানি করতে পারবে বলে যুক্তরাজ্য থেকে অনুমোদন পাওয়ার পরই এর শেয়ারের দাম বাড়তে শুরু করেছে।

প্রাইম ব্যাংকের শেয়ারও ছিল পড়তির দিকে। আগের দিনের ৬৩৭ টাকা ৫০ পয়সার জায়গায় সোমবার এর শেয়ার বিক্রি হচ্ছে ৬২৯ টাকা ৫০ পয়সায়।

অন্যান্য কোম্পানির তুলনায় লেনদেনের দিক দিয়ে শাহজালাল ব্যাংক এর শেয়ারের দাম  কিছুটা বেড়েছে। সামান্য পরিমাণ হলেও এর থলেতে যোগ হয়েছে কিছুটা। সাউথইস্ট ব্যাংক, এক্সিম ব্যাংক ও সামিট পাওয়ারও খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই।