২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইর ইতিহাসে সর্বোচ্চ লেনদেন

ঢাকা স্টক এক্সেচেঞ্জের (ডিএসই) ইতিহাসে সর্বোচ্চ লেনদেন হয়েছে রোববার। দিনশেষে মোট লেনদেনের পরিমাণ ছিল ১৬০ কোটি টাকা। জ্বালানি, বিদ্যুৎ, ব্যাংক ও তথ্য প্রযুক্তি খাতের শেয়ারগুলো বিনিয়োগকারীরা লুফে নেওয়ায় লেনদেনের এই রেকর্ড সৃষ্টি হয়েছে। এরআগে চলতি বছরের ৫ ফেব্র“য়ারি ডিএসইতে সর্বোচ্চ ১৫৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। গত বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ১৩৫ কোটি টাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2007, 10:01 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জে (সিএসই) রোববার ২৫ কোটি ৭৭ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। বৃহস্পতিবার এই বাজারে লেনদেনের পরিমাণ ছিল ১৮ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা।

বিনিয়োগকারীরা জানান, বিদেশি ও স্থানীয় বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ায় বাজারে লেনদেনও বেড়েছে।

এআইএমএস বাংলাদেশ এর প্রধান নির্বাহী ইওয়ার সাইদ বলেন, “সরকার বাজারের সঙ্গে সঙ্গতিপূর্ণ বাজেট দেবে বলে আশা করছি। বিনিয়োগকারীদের জন্য বাজেটে কোনো অনাকাঙ্খিত বিষয় না থাকলেই খুশি হবো আমরা।”

এদিকে রোববার ডিএসইতে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক প্রায় আড়াই বছর পর ১৯০০ পয়েন্ট পার করেছে। রোববার ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৪৯ দশমিক ১৫ পয়েন্ট বা ২ দশমিক ৬১ শতাংশ বেড়ে ১৯২৭ দশমিক ০৫ পয়েন্ট হয়।

এছাড়া ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৩৩ দশমিক ৫৫ পয়েন্ট বা ২ দশমিক ১২ শতাংশ বেড়ে ১৬১৬ দশমিক ০৯ পয়েন্ট হয়।

সিএসইর সব শেয়ার সূচকও রোববার ঊর্ধ্বমুখি ছিল।

ইমতিয়াজ হোসেন সিকিউরিটিজের চেয়ারম্যান ইমতিয়াজ হোসেন জানান, “বাজারে বিদেশি মূলধন আসার খবর পেলেই বিনিয়োগকারীদের আগ্রহ বেড়ে যায়।”

১৯৯৯ সালের শেয়ার বাজার ধসের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “স্থানীয় বিনিয়োগকারীরা মনে করেন, বিদেশিদের বিশাল তহবিল আছে এবং তারা স্থানীয়দের কাছ থেকে শেয়ার কেনার জন্যই বাজারে আসে। কিন্তু এমনটা সবসময় নাও ঘটতে পারে।”

রোববার লেনদেনের তালিকার শীর্ষে ছিল পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, সাউথইস্ট ব্যাংক ও সামিট পাওয়ারের শেয়ার। 

পাওয়ার গ্রিড কোম্পানির মোট লেনদেনের পরিমান ছিল ২১ কোটি ৭৭ লাখ ৯০ হাজার টাকা। তাদের শেয়ারের দাম ৯ টাকা বেড়ে ৫৯১ টাকা হয়েছে।

ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ৪ দশমিক ৭৫ শতাংশ বেড়ে ৬৯৯ টাকা ৫০ পয়সা হয়। স্কয়ার ফার্মার শেয়ারের দাম ৪ দশমিক ৮১ শতাংশ বেড়ে হয় ২৯২৫ টাকা ২৫ পয়সা।

সাউথ ইস্ট ব্যাংকের শেয়ারের দাম ৪ দশমিক ৩১ শতাংশ বেড়ে ৩৮৬ টাকা ৫০ পয়সা হয়। সামিট পাওয়ারের শেয়ার ৫ দশমিক ৩১ শতাংশ বেড়ে ৬৬৮ টাকা ২৫ পয়সা হয়েছে।

দিনশেষে ডিএসইতে ১৪৮ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৩০ টির এবং অপরিবর্তিত ছিল ২২ টির দাম। সিএসইতে ৮০ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ১২ টির দাম কমেছে এবং ৭টির দাম অপরিবর্তিত রয়েছে।