ওরিয়েন্টাল ব্যাংক কিনতে চায় আন্তর্জাতিক প্রবাসী কল্যাণ সোসাইটি
ওরিয়েন্টাল ব্যাংক কেনার আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক প্রবাসী কল্যাণ সোসাইটি। তবে এ জন্য কোনরকম দরপত্রে যেতে রাজি নয় তারা। একইসঙ্গে তারা ব্যাংকটির দেনা পরিশোধেরও দায় নিতে চায় না। (আরও তথ্যসহ)
রোববার রাজধানীর পূর্বাণী হোটেলে সংবাদ সম্মেলনে ব্যাংকটি কেনার আগ্রহের কথা জানায় এ সংস্থাটি। জাতীয় অর্থনীতিতে প্রবাসীদের অবদান হিসেবে তারা বিশেষ নিয়মে ওরিয়েন্টাল ব্যাংক উপহার হিসেবে সরকারের কাছ থেকে পেতে চায়। প্রবাসী কল্যাণ সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ নওয়াব আলী ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলামসহ সোসাইটির বিভিন্ন দেশের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।
নওয়াব আলী ভূঁইয়া জানান, ওরিয়েন্টাল ব্যাংক কিনতে দুই হাজার কোটি টাকা সংগ্রহ করতে পারবে প্রবাসী কল্যাণ সোসাইটি।
তিনি বলেন, “বিদেশে এখন ৮০ লাখ বাংলাদেশী কর্মরত রয়েছে। তারা বছরে প্রায় চার হাজার কোটি টাকার সমমূল্যের বৈদেশিক মুদ্রা দেশে পাঠান। একটি ব্যাংকিং সিস্টেম দাঁড় করাতে পারলে এ অর্থ দ্বিগুণ হয়ে যাবে।”
সংবাদ সম্মেলনে বলা হয়, ব্যাংকটি কেনার পর কোনও আমানত না রেখেই এখান থেকে ঋণ নিয়ে বিদেশে যাওয়া যাবে। পরে চাকরির টাকা দিয়ে ঋণ শোধের সুযোগ থাকবে।
ওরিয়েন্টাল ব্যাংক কেনার জন্য ইতিমধ্যে প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, অর্থ উপদেষ্টা ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে আবেদন করা হয়েছে বলে সোসাইটি জানায়।
অবশ্য ব্যাংকের দেনা সরকারকে শোধ করার জন্য সংবাদ সম্মেলনে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া বিক্রির ক্ষেত্রে কোনও ধরনের দরপত্র আহ্বান না করার অনুরোধ জানিয়ে প্রবাসী কল্যাণ সোসাইটি বলেছে, দরপত্র ডাকা হলে বেশি দাম দিয়ে অন্য কেউ ব্যাংকটি কিনে নিতে পারে।
সংবাদ সম্মেলনে বলা হয়, ওরিয়েন্টাল ব্যাংক প্রবাসীরা কিনতে পারলে এই প্রতিষ্ঠানটিকে প্রবাসীরা নিজেদের প্রতিষ্ঠান মনে করে অবৈধভাবে হুণ্ডির মাধ্যমে টাকা না পাঠিয়ে বিপুল উৎসাহে এই ব্যাংকের মাধ্যমে অধিকহারে রেমিটেন্স পাঠাবেন। প্রবাসীরা ব্যাংকটির উদ্যোক্তা শেয়ার ও সাধারণ শেয়ার ক্রয় করা ছাড়াও তাদের ব্যাংক হিসাবে অধিক হারে জমা রাখতে ও বিভিন্ন শিল্প কারখানায় বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্য করতে উৎসাহিত হবেন।
আন্তর্জাতিক প্রবাসী কল্যাণ সোসাইটি ওরিয়েন্টাল ব্যাংক কেনার জন্য ইতিমধ্যে ৩০টি দেশের বাংলাদেশী প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করেছেন। ব্যাংকটি কিনতে পারলে তারা ৩৫ জন পরিচালক থাকবেন বলে তারা জানান। ব্যাংকটিতে পরিশোধিত মূলধন থাকবে প্রায় ২০০ কোটি টাকা এবং জমা থাকবে প্রায় ১৮০০ কোটি টাকা।
