২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের ইডিএফ ৩০ কোটি ডলার করার দাবি

বাংলাদেশ ব্যাংকের রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) ৩০ কোটি ডলারে উন্নীত করার জন্য ব্যাংক গভর্নরের প্রতি অনুরোধ জানিয়েছে বিজিএমইএ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2007, 11:18 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির একটি প্রতিনিধি দল সোমবার গভর্নর সালেহ উদ্দিন আহমেদ এর সঙ্গে দেখা করে এ অনুরোধ জানায়।

ইডিএফ এর বরাদ্দ ১০০ মিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ৩০০ মিলিয়ন ডলার করা, আমদানি নীতির সঙ্গে সঙ্গতি রেখে ইডিএফ এর আওতায় ঋণপত্র খোলার সীমা সংশোধন করা এবং একক সর্বোচ্চ সীমা বিগত বছরের রপ্তানির পরিমাণ অনুযায়ী বরাদ্দ দেওয়ার জন্য বিজিএমইএ প্রতিনিধি দল ব্যাংক গর্ভনরকে অনুরোধ করে।

সালেহ উদ্দিন আহমেদ ইডিএফ এর আওতায় বরাদ্দ বৃদ্ধি এবং কাচামাল আমদানির সীমা বৃদ্ধির যৌক্তিকতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে ব্যাংক প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

বিজিএমইএ-র পক্ষ থেকে ইফুলেন্ট ট্রিটমেন্ট প্লান্ট (ইটিপি) স্থাপনের জন্য পোশাক শিল্পে সহজ শর্তে ঋণ প্রদানের অনুরোধ করলে ব্যাংক গর্ভনর তা বিবেচনা করার আশ্বাস দেন।

গভর্নরের কার্যালয়ে এই বৈঠককালে বিজিএমইএ প্রতিনধি দলটি তৈরি পোশাক খাতের ব্যবসা সম্প্রসারণ জন্য ঋণপত্রের পাশাপাশি চুক্তি, ডিফার্ড পেমেন্ট, ফ্যাক্টরিং, ডিইকিউ পদ্ধতি চালুর অনুরোধ করে।