শেয়ার বাজার চাঙা
বিদ্যুৎ, ব্যাংক ও ফার্মাসিউটিক্যালস কোম্পানির শেয়ার লেনদেন বেশি হওয়ায় সোমবার সকাল থেকে দিনের মধ্যভাগ পর্যন্ত শেয়ার বাজার ছিল চাঙা। মে আসের আট তারিখে বাজারে দরপতনের পর সোমবার চতুর্থ দিনের মতো সেখানে ঊর্ধ্বগতি লক্ষ করা যাচ্ছে।
বেলা সোয় বারোটা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিজিইএন বা সাধারণ সূচক ১৫ দশমিক ৭১ পয়েন্ট বা দশমিক ৮৬ শতাংশ বেড়ে হয়েছে এক হাজার আটশ ২৬ দশমিক ১৫ পয়েন্ট।
অন্যদিকে ডিএসআই বা সার্বিক সূচক ১৮ দশমিক ১৮ পয়েন্ট বা এক দশমিক ১৯ শতাংশ বেড়ে পৌঁছায় এক হাজার পাঁচশ ৪১ দশমিক ৩৮ পয়েন্টে।
ডিএসইতে এ সময়ে মোট লেনদেনের পরিমাণ ছিল ৬৬ কোটি পাঁচ লাখ ৫০ হাজার টাকা। রোববার মোট লেনদেনের পরিমাণ ছিল ৮২ কোটি ৯৬ লাখ ১০ হাজার টাকা।
বেলা সেয়া বারোটা পর্যন্ত শেয়ার লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৪টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত আছে ২০টি কোম্পানির শেয়ারের দাম।
বেলা ১২টা ৬ মিনিট পর্যন্ত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক, সামিট পাওয়ার, স্কয়ার ফার্মা এবং সাউথইস্ট ব্যাংকের শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে।
রোববার পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম ৫৩৫ দশমিক ৫০ পয়সা থাকলেও সোমবার তা বেড়ে হয় ৫৫৬ টাকা। ব্র্যাক ব্যাংকের শেয়ারের দামও ৬৪০ টাকা থেকে বেড়ে ৬৫৭ টাকা হয়েছে।
অন্যদিকে, সামিট পাওয়ারের শেয়ারের দাম ৬৪৭ টাকা থেকে কমে ৫৯৭ টাকা হয়।
স্কয়ার ফার্মার শেয়ারের দাম ২৬৪৬ দশমিক ৫০ পয়সা থেকে বেড়ে ২৭০৯ দশমিক ৫০ পয়সা এবং সাউথইস্ট ব্যাংকের শেয়ারের দাম ৩৩৯ দশমিক ২৫ পয়সা থেকে বেড়ে হয় ৩৪৪ টাকা।
এছাড়া আরও যেসব কোম্পানির শেয়ার বেশি লেনদেন হয়েছে তার মধ্যে রয়েছে ডেসকো, এবি ব্যাংক, পূবালী ব্যাংক, শাহজালাল ব্যাংক ও হেইডেলবার্গ সিমেন্ট।
