নারী উদ্যোক্তাদের জন্য বাজেট বরাদ্দের আহ্বান
নারী উদ্যোক্তাদের জন্য আগামী বাজেটে ৭০ কোটি টাকা বরাদ্দ রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিডব্লিওসিসিআই)।
সিরডাপ মিলনায়তনে রোববার উইমেন চেম্বার আয়োজিত প্রাক-বাজেট মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।
বিডব্লিওসিসিআই সভাপতি সেলিমা আহমেদের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুবা রুম্মানা।
প্রবন্ধে আগামী বাজেটে নারী উদ্যোক্তাদের অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই্) অর্থায়ন কর্মসূচির আওতায় নতুন করে ৫০ কোটি টাকা বরাদ্দের সুপারিশ করা হয়। এছাড়া গবেষণা প্রতিষ্ঠান স্থাপনে ৭ কোটি, বাজার গবেষণার জন্য ৫ কোটি, পণ্য বহুমুখীকরণসহ উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে ৫ কোটি এবং স্থানীয় ও আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের জন্য তিন কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়।
উইমেন চেম্বার জানায়, আগামী সপ্তাহে সংগঠনের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ে এসব প্রস্তাব পাঠানো হবে। এছাড়া বিষয়গুলো নিয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পরিকল্পনাও তাদের রয়েছে।
সেলিমা আহমেদ বলেন, “গত বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য কোনও অর্থ বরাদ্দ রাখা হয়নি। আমরা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা মূলধন বিশিষ্ট ছোট ও মাঝারি প্রতিষ্ঠানের নারী উদ্যোক্তাদের জন্য প্রস্তাবিত অর্থ বরাদ্দ চাই।”
