শেরাটনে শেষ হলো দুদিনব্যাপী বিনিয়োগ সম্মেলন
-রাজধানীর হোটেল শেরাটনে দুদিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শেষ হয়েছে শুক্রবার। নানা দেশের ৪০টিরও বেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান এতে অংশ নেয়।
তারা ওষুধ ও বস্ত্র শিল্প এবং আর্থিক সেবা খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।
বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা এবং সুবিধাকে তুলে ধরতে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং সিটি ব্যাংক এনএ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। “বাংলাদেশ-দি নিউ ইনভেস্টমেন্ট ফ্রন্টিয়ার” শিরোনামের এ সম্মেলনে অংশ নেয় যুক্তরাষ্ট্রের ফিডেলিটি অ্যাসেট ম্যানেজমেন্ট, , ফার্স্ট এস্টেট অ্যাসেট ম্যানেজমেন্ট, এবারডিন অ্যাসেট ম্যানেজমেন্ট, জেএফ অ্যাসেট ম্যানেজমেন্ট, জাপানের সুমিতোমো মিৎসুই এর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠান।
বাংলাদেশে সিটি গ্রুপের নির্বাহী প্রধান মামুন রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “সফলভাবেই সম্মেলনটি শেষ হয়েছে। বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের ওষুধ, বস্ত্র এবং আর্থিক সেবা খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।”
তিনি বলেন, “তারা (বিদেশি বিনিয়োগকারী) পুঁজি বাজারের গভীরতা বাড়াতে চায়। আমাদের বাজারে বড় প্রতিষ্ঠান এবং বড় ধরনের বিদেশি বিনিয়োগের অংশগ্রহণ দরকার।”
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী এ বি সিদ্দীকী বলেন, “এ ধরনের আয়োজন বাংলাদেশ সম্পর্কে বিদেশিদের নেতিবাচক ধারণা দূর করতে ভূমিকা রাখবে।”
সিটি গ্রুপের (নিক্কো) ব্যবস্থাপনা পরিচালক হাচ হাইহাথিরো ওকামোতো বলেন, “এখানে পুঁজি বাজারের ৫০ শতাংশ নিয়ন্ত্রণ করে ব্যাংকগুলো। দীর্ঘ মেয়াদী লাভের জন্য বাজারকে আরও বৈচিত্র্যময় করতে হবে।”
বাহরাইনের ইমার্জিং মার্কেট পার্টনারশিপের কর্মকর্তা আবু চৌধুরী বলেন, “বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগ সুবিধাজনক হবে বলে মনে হচ্ছে। আমরা এসব খাতে বিনিয়োগের বিষয়টি বিবেচনা করছি।”
সম্মেলনের ফাঁকে বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেন দেশের ব্যবসায়ী নেতারা।
