দেশের বিনিয়োগ সুবিধাগুলো জানাতে ঢাকায় দুই দিনের সম্মেলন শুরু
দেশে জ্বালানি, বিদ্যুৎ, অবকাঠামো এবং টেলিযোগাযোগ খাতে বিনিয়োগের সুবিধাগুলো যাচাই করার আহ্বান জানিয়ে বৃহস্পতিবার থেকে দুই দিনের বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছে রাজধানীতে।
যুক্তরাষ্ট্রের ফিডেলিটি অ্যাসেট ম্যানেজমেন্ট, জাপানের সুমিতোমো মিৎসুই, ফার্স্ট এস্টেট অ্যাসেট ম্যানেজমেন্ট, এবারডিন অ্যাসেট ম্যানেজমেন্ট, জেএফ অ্যাসেট ম্যানেজমেন্টের মতো আন্তর্জাতিক আর্থিক সেবা প্রতিষ্ঠানগুলো অংশ নিচ্ছে এই সম্মেলনে।
সম্মেলনের প্রথম দিনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহ উদ্দীন আহমেদ বলেন, “আমরা নিশ্চিতভাবে দাবি করতে পারি বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ অন্যতম নিরাপদ, লাভজনক এবং আকর্ষণীয় বিনিয়োগ স্থান। দ্রুত উন্নয়নশীল অন্য দেশগুলোর মত বাংলাদেশের ক্ষেত্রে আমরা ‘বাংলাদেশ কলিং’ বা ‘ফ্রেন্ডলি বাংলাদেশ’-এ ধরনের স্লোগান চালু করতে পারি।”
ঢাকা শেরাটন হোটেলে অনুষ্ঠিত “বাংলাদেশ-দি নিউ ইনভেস্টমেন্ট ফ্রন্টিয়ার” সম্মেলনে যোগ দিতে শ্রীলঙ্কা, ভারত, সিঙ্গাপুর, হংকং, জাপান এবং যুক্তরাজ্য থেকে ৪০টিরও বেশি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ও বিনিয়োগকারীরা এসেছেন।
বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা এবং সুবিধাকে তুলে ধরতে ঢাকা স্টক এক্সেচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জ এবং সিটি ব্যাংক এনএ যৌথভাবে এই সম্মেলনটি আয়োজন করে।
বিদেশিদের বিনিয়োগের ক্ষেত্রে নীতিমালা শিথিল করা এবং সুবিধা প্রদান প্রসঙ্গে সালেহ উদ্দীন আহমেদ বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার, ক্ষুদ্রঋণের ক্ষেত্রে সাফল্য, কৃষি উৎপাদন বৃদ্ধি, রেকর্ড পরিমাণ রেমিটেন্সের প্রবাহ, টেলিযোগাযোগ খাতের ব্যাপক প্রসার এবং রপ্তানি আয় বৃদ্ধির কারণে বাংলাদেশের অর্থনীতিতে সন্তোষজনক প্রবৃদ্ধি অর্জিত হচ্ছে।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী এরিক অস বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “এটা খুবই আশাব্যঞ্জক। এখানকার (বাংলাদেশ) সম্ভাবনা সম্পর্কে জানতে পারলে বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগ করতে আগ্রহী হবেন।”
গত দুই বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির স্থিতিশীলতা তুলে ধরে এরিক অস বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে আসতে উৎসাহিত করেন। তিনি বলেন, “এখানকার অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে। জনগণ নতুন প্রযুক্তিগুলোর সঙ্গে পরিচিত হচ্ছে এবং এগুলোকে গ্রহণ করছে। বাংলাদেশ ভালো বিনিয়োগের প্রত্যাশা করছে।”
সিকিউরিটিজ এন্ড এক্সেচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, “আমরা আশা করছি বিনিয়োগকারীরা তালিকাভুক্ত এবং তালিকার বাইরের প্রতিষ্ঠানগুলোতে দীর্ঘ মেয়াদি বিনিয়োগে আগ্রহী হবেন।”
যুক্তরাষ্ট্র ভিত্তিক স্মিথ ম্যানেজমেন্ট এলএলসির প্রতিনিধি গ্রেগ রিবালভ বলেন, “এখানকার পুঁজি বাজারের উজ্জ্বল ভবিষ্যত রয়েছে। শেয়ারের দাম সন্তোষজনক। এছাড়া বিদ্যুৎ ও অবকাঠামো খাত বিনিয়োগের জন্য উপযুক্ত।”
সম্মেলনে সরকারি ও বেসরকারি খাত বিশেষ করে-বিদ্যুৎ, টেলিযোগাযোগ, টেক্সটাইল, ওষুধ উৎপাদন শিল্প এবং আর্থিক সেবাখাত সমূহে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হবে।
সম্মেলনের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন দেশের ব্যবসায়ীরা।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি হুসাইন খালেদ বলেন, “আমাদের এখনও যথেষ্ট ভালো সম্ভাবনা আছে। তবে শতভাগ বিদেশি বিনিয়োগের চেয়ে যৌথ বিনিয়োগের প্রতি বেশি গুরুত্ব দেওয়া উচিৎ।”
