পোশাক শিল্পের বাজার সম্প্রসারণে বিজিএমইএ এর নতুন উদ্যোগ
পোশাক শিল্পের বাজার সম্প্রসারণে দেশের ছোট ও মাঝারি পোশাক রপ্তানিকারকদের সঙ্গে বিদেশি ক্রেতাদের সরাসরি সংযোগের নতুন উদ্যোগ নিয়েছে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
বিজিএমইএ কার্যালয়ে অনুষ্ঠিত দুদিনব্যাপি এক কর্মশালার শেষদিন বৃহস্পতিবার একথা জানানো হয়। কর্মশালায় অংশ নেয় ২০টি ছোট ও মাঝারি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান।
নেদারল্যান্ডের সরকারি সংস্থা সিবিআই (সেন্টার ফর প্রমোশন ইমপোর্ট ফ্রম ডেভলপিং কানট্রিজ) এর এশিয়া বিনিয়োগ কর্মসূচির সহায়তায় ইউরোপীয় ইউনিয়নে বাজার সম্প্রসারণে বিজিএমইএ এই উদ্যোগ নিয়েছে।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বলেন, এই উদ্যোগের আওতায় ১৫টি ছোট ও মাঝারি পোশাক রপ্তানিকারক আগামী জুলাই মাসের শেষে নেদারল্যান্ড, বেলজিয়াম ও জার্মানিতে প্রায় ২০০ ক্রেতার সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাবে।
তিনি বলেন, বিদেশে একক মেলার আয়োজনের চেয়ে এই ধরনের উদ্যোগে ছোট ও মাঝারি পোশাক রপ্তানিকারকরা বিশেষভাবে লাভবান হবে।
কর্মশালায় সিবিআই কর্মকর্তারা বাংলাদেশি পোশাক রপ্তানিকারকদের ইইউ বাজারের ক্রেতাদের রুচি, আধুনিক ফ্যাশন ও চাহিদা, পণ্যের মান, কারখানার ন্যুনতম মান সম্পর্কে ধারণা দেন।
কর্মশালায় বক্তব্য রাখেন সিবিআই বিশেষজ্ঞ ডায়না বেন ডার পোলস ও বিজিএমইএ সহসভাপতি ফয়সাল সামাদ ।
ডায়না বলেন, “আমরা সাহায্য নয়, বাণিজ্য বাড়াতে বিশ্বাসী। বাণিজ্যিক ভিত্তিতে আমরা এই ধরনের প্রকল্প পরিচালনা করছি যাতে উন্নয়নশীল দেশগুলোর রপ্তানিকারকরা বাজার সম্প্রসারণ করতে পারে।”
কর্মশালায় বলা হয়, পোশাক খাতে বাংলাদেশের বৃহৎ রপ্তানি বাজার হওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বিশেষ করে স্পেন, নেদারল্যান্ড, সুইডেন ও পূর্ব ইউরোপের বাজারে সম্প্রসারণের সুযোগ রয়েছে।
এ বছরের শেষে এই রপ্তানিকারকরা ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য নরওয়ে, সুইডেন ও ডেনমার্কে যাবেন। সিবিআই ডাটা ব্যাংকে ইইউ এর প্রায় ৮০০ ক্রেতা সম্পর্কিত তথ্য রয়েছে।
