২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচশ কোটি টাকার বাজার ধরতে নামছে সিমেন্স

বহুতল ভবনে বিদ্যুৎ সরবরাহ, গাড়ি পার্কিং, প্রবেশ পথ নিয়ন্ত্রণ, পানি সরবরাহ, জিপিআরএস নেটওয়ার্ক ও সেন্সর সিস্টেমসহ সমন্বিত প্রযুক্তির পাঁচশ কোটি টাকার বাজার ধরতে নামছে সিমেন্স বাংলাদেশ লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2007, 04:55 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

সিমেন্সের কর্মকর্তারা বলেন, একমাত্র তাদের প্রতিষ্ঠানই ভবনের নিরাপত্তা ও সেবা সংশ্লিষ্ট এতোগুলো আধুনিক প্রযুক্তি একসঙ্গে সরবরাহ করছে। বর্তমানে কয়েকটি প্রতিষ্ঠান নির্দিষ্ট কয়েক ধরনের যন্ত্রপাতি দিতে পারলেও কেবল সিমেন্সই একটি সমন্বিত ব্যবস্থাপনা গড়ে তোলার ক্ষেত্রে সহায়তা দিচ্ছে।

বৃহস্পতিবার ঢাকার রেডিসন ওয়াটার গার্ডেন হোটেলে সিমেন্স বাংলাদেশ আয়োজিত ‘সলিউশন ফর বাংলাদেশ ইন্টেলিজেন্ট বিল্ডিংস’ শীর্ষক এক সেমিনারে বিভিন্ন প্রযুক্তির ব্যবহার ও সুবিধা নিয়ে আলোচনা করা হয়।

সিমেন্সের বিল্ডিং টেকনোলজি বিভাগের সিনিয়র ম্যানেজার নাঈম পারভেজ বলেন, জেনারেটর স্থাপনসহ এসব প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে দেশে প্রায় ৫শ’ কোটি টাকার বাজার রয়েছে। আর একটি ভবনের আধুনিকায়নের ক্ষেত্রে সিমেন্স প্রযুক্তির অবদান বিশ্বজুড়ে স্বীকৃত।

অনুষ্ঠানের প্রধান অতিথি গর্ণপূর্ত সচিব এএসএম রাশিদুল হাই বলেন, এ ধরনের আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ভবন নির্মাণের ধারণা বাংলাদেশে এখন আর নতুন নয়। বেসরকারি খাতে দেশে বেশ কিছু আধুনিক বহুতল ভবন নির্মিত হচ্ছে।

তিনি বলেন, টেকসই ও পরিবেশ বান্ধব ভবন নির্মাণের জন্য আমাদের সময়োপযোগী কৌশল নির্ধারণ করতে হবে। পাশাপাশি বিদ্যুৎ খরচ কমানো ও অন্যান্য সুবিধা বাড়ানোর দিকেও নজর দিতে হবে।

সিমেন্স বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক রুডল্ফ পি ক্লিংক বলেন, সিমেন্স দীর্ঘদিন ধরেই বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের সঙ্গে জড়িত। ভবনগুলোতে আধুনিক প্রযুক্তি প্রয়োগের ব্যাপারে আমরা ইতিবাচক সাড়া পেয়েছি।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিমেন্সের ইন্ডাস্ট্রিয়াল সলিউশনের পরিচালক রেনে আর্নট। তিনি বলেন, ভবনে এসব সুবিধা থাকলে ভাড়াটিয়াদের পাশাপাশি মালিকরাও লাভবান হবেন। প্রবন্ধে তিনি বিদ্যুৎ ব্যবস্থাপনা, গাড়ি পার্কিং, পানি সরবরাহ, জিপিআরএস নেটওয়ার্ক ও সেন্সর সিস্টেমের বিভিন্ন দিক তুলে ধরেন।

সিমেন্সের পাওয়ার ডিভিশনের পরিচালক হুবারতাস বোয়েস্তেন বলেন, যে কোনো ভবনের জন্যই বিদ্যুৎ সরবরাহ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর এই ব্যবস্থাকে গ্রিড লাইন বা ক্যাপটিভ জেনারেশন থেকে গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অভিজ্ঞতা সিমেন্সের রয়েছে।

সেমিনারে জানানো হয়, বর্তমানে রেডিসন ওয়াটার গার্ডেন হোটেল, ওয়েস্ট ইন হোটেল, অ্যাপোলো হাসপাতাল ও স্কয়ার হাসপাতাল ভবনে সিমেন্সের যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।

রিহ্যাবের প্রেসিডেন্ট আবদুল আওয়ালও সেমিনারে উপস্থিত ছিলেন।