২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি যুবরাজ বুঝে নেওয়ার আগেই রূপালীর কাছে সরকারি দায় মেটানোর তাগিদ

নতুন মালিক রূপালী ব্যাংকের দায়িত্ব বুঝে নেওয়ার আগেই এ ব্যাংকের কাছে সরকারের দায় মিটিয়ে ফেলার পরামর্শ দিয়েছে বেসরকারিকরণ কমিশন। এর ফলে সরকার নূন্যতম সাধারণ সুদসুবিধার ভিত্তিতে পাওনা পরিশোধের সুযোগ পাবে বলে মনে করছে কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

সাজ্জাদুর রহমান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2007, 08:33 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

রূপালী ব্যাংকের কাছ থেকে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের নেওয়া ঋণকে ‘সররকারের একীভুত ঋণের দায়’ হিসাবে মেনে নিয়েছেন এর নতুন মালিক সৌদি যুবরাজ। বিভিন্ন সময়ে নেওয়া এসব ঋণের সুদের হার বিভিন্ন হলেও একটি সাধারণ সুদসুবিধার (ফ্লাট ইন্টারেস্ট রেট) ভিত্তিতে এই ঋণ শোধ করা হলে সরকার ও ব্যাংকের নতুন মালিক-দুপক্ষই লাভবান হবে বলে কমিশন মনে করে।

সরকারের বিক্রয় এবং ক্রয় চুক্তি (এসপিএ) সম্পাদন এবং ক্রেতার ব্যাংকটির মালিকানা বুঝে নেওয়ার মধ্যবর্তী দুই মাসে এই দায় শোধ করা যায় বলে অর্থ মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

বেসরকারিকরণ কমিশনের চেয়ারম্যান আবু সোলায়মান চৌধুরী রোববার এ ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি দিয়েছেন।

প্রাথমিকভাবে রূপালী ব্যাংকের কাছে একীভুত ঋণের দায় ৪শ ১০ কোটি ৫৯ লাখ টাকা হিসাব করা হয়েছিল। পরে অর্থমন্ত্রণালয় ক্রেতার সঙ্গে আলোচনা ছাড়াই এককভাবে ৫৬ কোটি ৪৪ লাখ টাকা হ্রাস করলে দায়ের পরিমাণ দাঁড়ায় ৩৫৪ দশমিক ১০ কোটি টাকা।

নাম প্রকাশ না করার শর্তে কমিশনের একজন কর্মকর্তা বলেন, ‘‘ব্যাংকটির ক্রেতার সঙ্গে দায়-দেনা বিষয়ক প্রায় ১৮শ কোটি টাকার জটিলতা দূর করতে সক্ষম হয়েছি। এখন চারশ কোটি টাকার একীভূত ঋণের দায় নিয়ে তেমন সমস্যা হবে না।’’

সৌদি যুবরাজ বন্দর বিন মোহাম্মদ বিন আব্দুর রহমান আল-সৌদ গত বছর ৩৩ কোটি ডলারের বিনিময়ে রূপালী ব্যাংকের ৬৭ দশমিক ২৬ ভাগ শেয়ার কিনে নেন। এছাড়া প্রায় ২৬ শতাংশ শেয়ারও কিনে নেওয়ার প্রস্তাব দেন তিনি। এজন্য ১২ কোটি ৮০ লাখ ডলারের প্রস্তাব দেওয়া হয়।

চলতি বছরের ২২ ফেব্রুয়ারি সরকার সৌদি যুবরাজের দেওয়া এ প্রস্তাবে নীতিগতভাবে রাজি হয়। গত সপ্তাহে প্রস্তাবটি অনুমোদন করেছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।