২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকিং ও বিদ্যুৎ শেয়ারের দাম কমলেও সূচক বেড়েছে ডিএসইতে

বাজার থেকে লভ্যাংশ তুলে নেওয়ায় বিদ্যুৎ ও ব্যাংকিং খাতের শেয়ারের দাম কমলেও সোমবার দিনশেষে পুঁজি বাজারের অবস্থা ছিল ভালো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2007, 09:57 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

দিনের প্রথমভাগে শেয়ার সূচক প্রায় ২০ পয়েন্ট বাড়লেও ব্যাংকিং ও বিদ্যুৎ খাতের শেয়ারের দাম কমে যাওয়ায় দিনশেষে লেনদেনও কমে যায়। পাওয়ার গ্রিড কোম্পানি, ডেসকো, সামিট পাওয়ারসহ বড় প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম সোমবার কমেছে। তবে তথ্য প্রযুক্তি খাতের শেয়ারের দাম বেড়েছে।

বাংলাদেশ এআইএমএস এর প্রধান নির্বাহী জাওয়ার সাইদ বলেন, “বাজারের অবস্থা এখন ভালো। প্রতিষ্ঠানগুলো লভ্যাংশের ফলাফল প্রকাশ করায় বিনিয়োগকারীরা তাদের অবস্থান পুর্নগঠনের চেষ্টা করছে।”

দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ ছিল ৮৪ কোটি ৪০ লাখ ৮০ হাজার টাকা। রোববার এ বাজারে ১০৩ কোটি টাকার লেনদেন হয়। চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জে (সিএসই) সোমবার ১৪ কোটি ৬২ লাখ ২০ হাজার টাকার লেনদেন হয়। আগের দিন তাদের লেনদেনের পরিমান ছিল ১৫ কোটি ৮১ লাখ টাকা।

আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানির প্রধান নির্বাহী কামরুল ইসলাম লেনদেন বৃদ্ধি প্রসঙ্গে বলেন, “প্রিমিয়ার ব্যাংকের শেয়ারের আটকে থাকা মূলধনের একটি অংশ বাজারে ফেরায় লেনদেন বেড়েছে।”

সোমবার ডিএসইতে ডিজিইএন বা সাধারণ সূচক ৪ দশমিক ১৮ পয়েন্ট বা দশমিক ২৩ শতাংশ বেড়ে ১৭৭৭ দশমিক ০১ পয়েন্ট হয়েছে। ডিএসআই বা সার্বিক সূচক ১ দশমিক ৮৯ পয়েন্ট বা দশমিক ১২ শতাংশ বেড়ে হয়েছে ১৫০৪ দশমিক ০৫ পয়েন্ট হয়।

আকর্ষণীয় ডিএসই-২০ ব্লু চিপ শেয়ার সূচক ৫ দশমিক ৯১ পয়েন্ট বা দশমিক ৪১ শতাংশ বেড়ে ১৪৪০ দশমিক ১৬ পয়েন্ট হয়েছে।

বিনিয়োগকারীরা লভ্যাংশ তুলে নেওয়ায় সোমবার সিএসইতে সব শেয়ার সূচকই ছিল নিম্নগামী।

লেনদেনের শীর্ষে থাকা বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম দশমিক ৭২ শতাংশ কমে ৫১১ টাকা ৫০ পয়সা হয়েছে। তাদের মোট লেনদেনের পরিমাণ ছিল ১৩ কোটি ৭৯ লাখ ৬০ হাজার টাকা।

দ্বিতীয় অবস্থানে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ১ দশমিক ২৯ শতাংশ বেড়ে ৫৮৬ টাকা ৭৫ পয়সা হয়েছে।

পরবর্তী অবস্থানে থাকা সামিট পাওয়ারের শেয়ারের দাম এক দশমিক ৩১ ভাগ কমে ৬১৯ টাকা হয়েছে। ডেসকোর শেয়ারের দাম দশমিক ১৩ শতাংশ কমে হয়েছে ৭৫০ টাকা ৭৫ পয়সা।

লভ্যাংশ ঘোষণার তারিখ এগিয়ে আসায় স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ারের দাম ৬ দশমিক ১৮ শতাংশ বেড়ে ২ হাজার ৬১৪ টাকা ২৫ পয়সা হয়েছে।

দিনশেষে ডিএসইতে ৯৫ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৮৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

সিএসইতে ৩৫ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪৩ টির এবং ১১ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানদের শীর্ষে ছিল রহিমা ফুড, আইসিবি ও কনফিডেন্স সিমেন্ট। ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রথমদিকে ছিল ন্যাশনাল পলিমার, সমরিতা হাসপাতাল ও এনটিসি।