২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে ১৬ মে থেকে চালু হচ্ছে বার্থ অপারেটর পদ্ধতি

চট্টগ্রাম বন্দরে আগামী ১৬ মে থেকে স্টিভিডোরিং প্রথার পরিবর্তে বার্থ অপারেটর পদ্ধতি চালু হচ্ছে। সোমবার বন্দর কর্তৃপক্ষের এক সভায় দীর্ঘদিনের পুরনো এ পদ্ধতির পরিবর্তে নতুন এই ব্যবস্থা কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2007, 05:40 AM

Updated : 26 Apr 2022, 02:18 PM

বন্দর চেয়ারম্যান মো. মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে বন্দর বোর্ড রুমে বেলা ১২টা থেকে প্রায় আড়াই ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এই সভায় যৌথ বাহিনী ও বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ চিটাগং চেম্বার, শিপিং এজেন্টস এসোসিয়েশন, বাংলাদেশ মাস্টারস স্টিভিডোরস এসোসিয়েশন (বিএমএসএ), এফবিসিসিআই ও সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী কর্মদক্ষতার ভিত্তিতে শীর্ষ ১০টি স্টিভিডোরিং প্রতিষ্ঠান বহির্নোঙ্গরে এবং বাকি ৪৪টি প্রতিষ্ঠান ১২টি ভাগে বিভক্ত হয়ে বন্দরের ১২টি বার্থে (জেটিতে) অপারেটরের কাজ করবে।

বর্তমানে বন্দরে রেজিস্ট্রেশনভুক্ত মোট ৫৪টি স্টিভিডোরিং প্রতিষ্ঠান জাহাজে পণ্য ওঠানো-নামানোর জন্য ডক শ্রমিক সরবরাহের কাজ করছে। প্রাথমিকভাবে তাদের সমন্বয়েই পরীক্ষামূলকভাবে বার্থ অপারেটরের কাজ চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

তবে বন্দর সূত্র ও ব্যবহারকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানিয়েছেন, যেসব স্টিভিডোরিং প্রতিষ্ঠানের কর্মদক্ষতার পূর্ব রেকর্ড ভালো না তেমনি ১২টি প্রতিষ্ঠান বার্থ অপারেটর হিসাবে কাজ করার দায়িত্ব নাও পেতে পারে।

বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা স্টিভিডোরিং পদ্ধতি বাতিল করে বিশ্বের অন্যান্য উন্নত বন্দরের সঙ্গে সংঙ্গতি রেখে চট্টগ্রাম বন্দরে বার্থ অপারেটর পদ্ধতি চালুর সিদ্ধান্তকে ‘যুগান্তকারী’ পদক্ষেপ হিসাবে আখ্যায়িত করেছেন।

বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমদ সভা শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, আগামী ১৬ মে থেকে পরীক্ষামূলকভাবে বার্থ অপারেটর পদ্ধতি চালুর সিদ্ধান্ত হয়েছে। এতে করে বন্দরের পণ্য সরবরাহ ব্যয় অনেক কমে যাবে। এতে করে ব্যবসায়ীরাও লাভবান হবেন।

বৈঠকে উপস্থিত চিটাগাং চেম্বার সভাপতি সাইফুজ্জামান চৌধুরী বলেন, বিশ্বের উন্নত বন্দরগুলোতে বহু আগে থেকে বার্থ বা টার্মিনাল অপারেটর নিয়োগের মাধ্যমে কাজ চলছে। স্টিভিডোরিং প্রথা আর নেই।

তিনি জানান, যেসব স্টিভিডোর প্রতিষ্ঠান এর আগে বন্দরে ভালো দক্ষতা দেখিয়েছে তাদের কাজের তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে এবং তার ভিত্তিতেই বার্থ অপারেটর নিয়োগ দেওয়া হবে।

বন্দর সচিবের সঙ্গে একমত পোষণ করে চেম্বার সভাপতি বলেন, এ সিদ্ধান্তের প্রেক্ষিতে চট্টগ্রাম বন্দরই শুধু লাভবান হবে না ব্যবসায়ীরাও অনেক লাভবান হবেন। কেননা এই পদ্ধতিতে ব্যয় কমবে, সময় বাঁচবে এবং বন্দরের দক্ষতার হারও বেড়ে যাবে।

এ প্রসঙ্গে এফবিসিসিআই প্রতিনিধি আমিরুল হক বলেন, দীর্ঘদিন ধরেই স্টিভিডোর এবং সিএন্ডএফ এজেন্টদের হাতে বন্দর জিম্মি হয়ে ছিল। তারা কথায় কথায় বন্দর বন্ধ করে দিত। এখন আর সেটি সম্ভব হবে না।

তিনি বলেন, সিএন্ডএফ এজেন্টদের কাজটাও এখন থেকে বার্থ অপারেটররা করবে। সিএন্ডএফ এজেন্টরা শুধু কাস্টমসে দলিলপত্র সংশ্লিষ্ট কাজকর্ম করবে। ফলে পর্যায়ক্রমে সিএন্ডএফ প্রথাও উঠে যাবে। এটি তার প্রথম ধাপ।

তার মতে, বার্থ অপারেটর পদ্ধতি চালু হলে আমদানি ও রপ্তানিকারকদের বন্দরে ৩০ শতাংশ ব্যয় কমে যাবে।

বিএমএসএ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলে একরাম বার্থ অপারেটর পদ্ধতি চালুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, টপ টেন স্টিভিডোর প্রতিষ্ঠানকে বহির্নোঙ্গরে অবস্থানকারী জাহাজে এবং বাদবাকি ৪৪ টিকে ১২টি জেটিতে ভাগ করে বার্থ অপারেটর হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে ৪৪ জন স্টিভিডোর প্রতিষ্ঠানকে ১২টি কোম্পানিতে রূপান্তরিত করে বার্থ অপারেটর হিসেবে কাজ করতে হবে।

তিনি বলেন, পদ্ধতিটি আধুনিক এবং বন্দরে পণ্য সরবরাহ ও উঠানো-নামানোর কাজে দক্ষতা ও গতিশীলতা বাড়াতে খুবই সহায়ক হবে।