২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহের শুরুতেই পুঁজিবাজার চাঙ্গা

বিদ্যুৎ কোম্পানিগুলোর শেয়ারের বিক্রি বাড়ায় প্রায় আড়াই মাস পর রোববার পুঁজি বাজারে লেনদেনের পরিমাণ একশ’ কোটি টাকা ছাড়িয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2007, 11:55 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ ছিল ১০৩ কোটি ১৪ লাখ টাকা। বৃস্পতিবার ৮৪ কোটি ৯৫ লাখ ১০ হাজার টাকার লেনদেন হয়েছিল।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) একশ’ কোটির বেশি টাকার লেনদেন হয়েছিল। ওইদিন লেনদেনের পরিমান ছিল ১০১ কোটি ৭ লাখ টাকা।

দিনশেষে লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ার।

ইমতিয়াজ হুসেন সিকিউরিটিজের চেয়ারম্যান ইমতিয়াজ হুসেন বলেন, “ক্রেতা-বিক্রেতারা আজ কাঙ্খিত দামে শেয়ার কেনাবেচা করতে পেরেছেন। কেনাবেচায় বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ায় লেনদেনও বেড়েছে।”

রোববার সিমেন্ট এবং ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম বেড়েছে। তবে আগের দিনের তুলনায় ব্যাংকিং খাতের শেয়ারের লেনদেন কমেছে।

ডিএসইতে ডিজিইএন বা সাধারণ সূচক ১০ দশমিক ৪৭ পয়েন্ট বা দশমিক ৫৯ শতাংশ বেড়ে ১৭৭২ দশমিক ৮৩ পয়েন্ট হয়।

এছাড়া ডিএসআই বা সার্বিক সূচক ৫ দশমিক ২৪ পয়েন্ট বা দশমিক ৩৫ শতাংশ বেড়ে ১,৫০২ দশমিক ১৬ পয়েন্ট হয়।

আকর্ষণীয় ডিএসই-২০ ব্লু চিপ শেয়ার সূচক ১৪ দশমিক ৫৭ পয়েন্ট বা এক দশমিক ০২ শতাংশ বেড়ে ১,৪৩৪ দশমিক ২৪ পয়েন্ট হয়েছে।

বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম ৪ দশমিক ৯৩ শতাংশ বেড়ে হয়েছে ৫১৫ টাকা ২৫ পয়সা। তাদের মোট লেনদেনের পরিমাণ ছিল ২২ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকা।

পরবর্তী অবস্থানে থাকা ডেসকোর শেয়ারের দাম ৩ দশমিক ৪০ শতাংশ বেড়ে ৭১৫ টাকা ৭৫ পয়সা হয়। সামিট পাওয়ারের শেয়ারের দাম ৫ দশমিক ৪৬ ভাগ বেড়ে ৬২৭ টাকা ২৫ পয়সা হয়েছে।

সৌদি আরবে একটি সাবসিডিয়ারি খোলার ব্যাপারে গত ৩০ এপ্রিল একদল সৌদি বিনিয়োগকারীর সঙ্গে প্রাইম ব্যাংক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এ খবর ছড়িয়ে পড়লে রোববার প্রাইম ব্যাংকের শেয়ারের বিক্রি বেড়ে যায়। এই প্রতিষ্ঠানের শেয়ারের দাম ৪ দশমিক ৫৭ ভাগ বেড়ে ৫৪৮ টাকা ২৫ পয়সা হয়েছে।

অন্যদিকে লভ্যাংশ তুলে নেওয়ায় ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম এক দশমিক ১৫ শতাংশ কমে ৫৭৯ টাকা ৩৫ পয়সা হয়েছে।

দিনশেষে ডিএসইতে ৬০ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১৬ টির। ১৭ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর শীর্ষে ছিল প্রগতি ইন্স্যুরেন্স, আল-আরাফা ব্যাংক ও আইএফআইসি ব্যাংক। ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রথমদিকে ছিল আইসিবি, বিচ হ্যাচারী ও গালফ ফুডস।