২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরে সিএন্ডএফ এজেন্টদের নগদ অর্থ বহনে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম বন্দরে নগদ অর্থ লেনদেনের ক্ষেত্রে সিএন্ডএফ এজেন্টদের ওপর বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2007, 08:53 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

বন্দরে দুর্নীতি হ্রাসকল্পে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানা গেছে।

এ ছাড়া বন্দরে ব্যাংকের কার্যক্রম গতিশীল করতে বর্তমানে সেখানে স্থাপিত দুটো ব্যাংকের বুথ বাড়ানোসহ নতুন একাধিক ব্যাংকের শাখা খোলার অনুমতি দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। বন্দরে বর্তমানে জনতা ব্যাংক এবং ওয়ান ব্যাংকের দুটি শাখা কাজ করছে।

রোববার বিকেলে বন্দর ভবনে বন্দর চেয়ারম্যান, যৌথবাহিনীর কর্মকর্তা এবং সিএন্ডএফ এজেন্টসহ বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমদ এ খবর দিয়ে জানান, বৈঠকে প্রি শিপমেন্ট ইন্সপেকশন (পিএসআই) কোম্পানিগুলোর স্থানীয় অফিসকে শনিবারেও খোলা রাখার এবং কাস্টম হাউস ও বন্দর ভবনে তাদের বুথ খুলতে নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে সিদ্ধান্ত হয়, সিএন্ডএফ এজেন্টদের প্রতিনিধিরা এখন থেকে ব্যাংক চেকের মাধ্যমে বন্দরের যাবতীয় পাওনাদি পরিশোধ করবে এবং সিএন্ডএফ এজেন্ট নিয়োজিত জেটি সরকাররা বন্দর সংরক্ষিত এলাকায় অবস্থানকালে নগদ ৫০০ টাকার বেশি বহন করতে পারবে না।