ইইউর জিএসপি সুবিধা নিতে সমন্বিত প্রস্তাব দিতে পারছে না শীর্ষ তিন সংগঠন
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একস্তর বিশিষ্ট জিএসপি সুবিধা (জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্সস) নেওয়ার ক্ষেত্রে সমন্বিত প্রস্তাবের ব্যপারে একমত হতে পারছে না তৈরি পোশাক শিল্পের তিন শীর্ষ ব্যবসায়ী সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ।
গত মাসের শেষে ওই তিন সংগঠনের মধ্যে এ ব্যাপারে বৈঠক হওয়ার কথা থাকলেও মূল্য সংযোজন হার নিয়ে মতবিরোধের কারণে তা হয়নি।
আগামী বছরের শুরু থেকে এই নতুন জিএসপি সুবিধা কার্যকর করার কথা।
এদিকে ইইউ এর জিএসপি সুবিধার ক্ষেত্রে একস্তর বিশিষ্ট মূল্য সংযোজনের হার নির্ধারণের জন্য বাণিজ্য মন্ত্রণালয় একটি সমীক্ষার কাজ শুরু করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিন ব্যবসায়ী সংগঠনের কাছে এ ব্যাপারে প্রশ্নমালাও পাঠানো হয়েছে।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি আনোয়ার পারভেজ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “ এটা খুবই দুঃখজনক। জিএসপি থেকে যে সুবিধা পাওয়া যাবে, তা সবাই ভোগ করবে। অথচ আমরা এরকম একটি জাতীয় ইস্যুতে একমত হতে পারছি না।”
তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের সমীক্ষার কাজ শেষ হতে আরো তিন মাস লাগবে।
এদিকে বাংলাদেশ নিটওয়ার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক বলেন, “ নিট ও ওভেন দুই ধরনের পোশাকের জন্য দুই রকম মূল্য সংযোজন হার নির্ধারণ করাটাই যুক্তিসংগত। ”
তিনি জানান, গত এপ্রিলের শুরুতে নিট পণ্যের ক্ষেত্রে জিএসপি মূল্য সংযোজেনের হার ৪০ শতাংশ নির্ধারণের জন্য ব্রাসেলসে চিঠি পাঠিয়েছে বিকেএমইএ। তার মতে, মূল্য সংযোজনের হার কমানো হলে কম্পোজিট নিট প্রতিষ্ঠানগুলো টিকে থাকতে পারবে না।
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন সভাপতি আব্দুল হাই সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “ সমিতির সদস্যরা গত মাসে নির্বাহী কমিটির বৈঠকে দুই স্তর বিশিষ্ট মূল্য সংযোজনের পক্ষে মত দিয়েছেন।”
বর্তমানে তৈরি পোশাক খাতে নিট ও ওভেন পোশাক ইইউ এর বাজারে রপ্তানিতে দুইস্তর বিশিষ্ট জিএসপি সুবিধা কার্যকর রয়েছে এবং মূল্য সংযোজনের কোনও হার নির্ধারিত নেই। দেশের তিন শীর্ষ সংগঠনের মধ্যে এই হার নিয়ে মতবিরোধ থাকায় গত তিন বছর ধরে ওভেন ও নিট পণ্যের ক্ষেত্রে আলাদা মূল্য সংযোজনসহ সমন্বি^ত কোনও প্রস্তাব ইইউ এর কাছে পাঠানো যায়নি।
