২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কের বাজারে বাড়ছে বাংলাদেশের পণ্য রপ্তানি

তুরস্কের বাজারে শুল্কমুক্ত সুবিধা কার্যকর হওয়ার পর থেকে সেখানে বাংলাদেশের রপ্তানি দ্রুত বাড়ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2007, 12:15 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

চলতি অর্থবছরের প্রথম ছয়মাসে তুরস্কের বাজারে বাংলাদেশের বিভিন্ন পণ্যের রপ্তানি আয় ১০২ শতাংশ বেড়ে হয়েছে ৮ কোটি ৮৩ লাখ ডলার। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্র এ তথ্য জানায়।

ইপিবি সূত্র জানায়, ২০০২ সালে তুরস্ক জেনারেলাইজ সিস্টেম অব প্রেফারেন্স (জিএসপি) এর আওতায় স্বল্পোন্নত দেশগুলোর বেশকিছু পণ্যের ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা ঘোষণা দেয়। অবশ্য এই ঘোষণা কার্যকর হয়েছে ২০০৪-০৫ অর্থবছরের শুরু থেকে। ফলে ওই অর্থবছর থেকে তুরস্কে অন্যান্য পণ্যের পাশাপাশি বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি ব্যাপকভাবে বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে তুরস্কে নিট ও ওভেন পণ্য রপ্তানি আয় ছিল ৩ কোটি ৭৭ লাখ ডলার। এর আগের অর্থবছর ২০০৫-০৬ সালে পোশাক রপ্তানি আয় পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ৭৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩ কোটি ১৫ লাখ ডলার। ২০০৪-২০০৫ অর্থবছরে রপ্তানি আয় ছিল এক কোটি ৭৮ লাখ ডলার।

অথচ শুল্কমুক্ত সুবিধা দেওয়ার আগে ২০০৩-০৪ সালে তুরস্কে মাত্র ৫০ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে।

ইপিবি এর বস্ত্র সেলের কর্মকতা আব্দুল মঈন বলেন, গত দুই বছরের নিট পণ্য বিশেষ করে সুয়েটার, পুলওভার ও কার্ডিগান রপ্তানি ব্যাপকভাবে বেড়েছে। তুরস্কে গত দুই অর্থবছরে নিট পণ্য রপ্তানি থেকে আয়ও বাড়ছে দ্রুত হারে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইইউ বাজারের মতো বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির বড় বাজার হিসেবে তুরস্কও আর্বিভুত হতে যাচ্ছে।

ইপিবি কর্মকর্তা সুপল সাহা বলেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য রাষ্ট্র হতে আগ্রহী তুরস্ক ইইউ এর মতো সব পণ্যে জিএসপি সুবিধা দিলে বাংলাদেশের রপ্তানি আয় আরও বেড়ে যাবে।