২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না

টানা আট মাস ধরে রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দর। এ সময়ে বন্দরে লক্ষ্যমাত্রার চেয়ে ৪২ কোটি ৮৭ লক্ষ ৪৪ হাজার ১৬৮ টাকা রাজস্ব কম আদায় হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2007, 10:11 AM

Updated : 26 Apr 2022, 02:17 PM

আমদানিকারকদের অভিযোগ, বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পর থেকে সোনামসজিদ বন্দর দিয়ে আমদানি কমে গেছে। বন্দর পরিচালানার দায়িত্বপ্রাপ্ত সোনামসজিদ পানামা পোর্ট লিংক লিমিটেড এর অতিরিক্ত মাশুল আদায়সহ বিভিন্ন বিধিনিষেধের কারণে এমনটি হয়েছে বলে দাবি করেছেন তারা।

স্থলবন্দর সূত্র জানায়, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইতে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৬ কোটি ৫২ লক্ষ ৭৭ হাজার ৭৫০ টাকা বেশি রাজস্ব আদায় হয়। কিন্তু এরপর থেকেই ধস নেমেছে রাজস্ব আদায়ে।

গত আগস্ট মাসে ১৩ কোটি টাকার বিপরীতে ১০ কোটি ৬ লাখ ৪০ হাজার ৫৫২ টাকা, সেপ্টেম্বর মাসে ১৬ কোটি ২০ লাখ টাকার বিপরীতে ৯ কোটি ২৯ লাখ ৩ হাজার ৪৮৬ টাকা, অক্টোবর মাসে ১৬ কোটি ৫০ লক্ষ টাকার বিপরীতে ১১ কোটি ১১ হাজার ৩৮৫ টাকা, নভেম্বর মাসে ১৬ কোটি ৩০ লক্ষ টাকার বিপরীতে ১১ কোটি ২০ লাখ ৮৮ হাজার ৮৬০ টাকা, ডিসেম্বর মাসে ১৫ কোটি টাকার বিপরীতে ৬ কোটি ১০ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা, জানুয়ারি মাসে ১৫ কোটি ৭০ লাখ টাকার বিপরীতে ২ কোটি ২৬ লাখ ২৮ হাজার ৬৬৯ টাকা, ফেব্রুয়ারি মাসে ১৪ কোটি ৮০ লাখ টাকার বিপরীতে ১২ কোটি ১ লাখ ৪৪ হাজার ২৩৯ টাকা এবং মার্চ মাসে ১৬ কোটি ৩০ লক্ষ টাকার বিপরীতে ১২ কোটি ৭৫ লাখ ৯৪ হাজার ২৯৬ টাকা রাজস্ব কম আদায় হয়।

এপ্রিল মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১৪ কোটি ২০ লক্ষ টাকা পূরণও হবে না বলে জানিয়েছে সূত্রটি।

বন্দর এলাকায় সরেজমিনে দেখা যায়, আগে যেখানে প্রতিদিন চার থেকে পাঁচশ ট্রাক বিভিন্ন পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করত এখন সে সংখ্যা কমে দাঁড়িয়েছে গড়ে একশটিতে।

রাজস্ব আদায় কমে যাওয়ার কারণ হিসেবে আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টরা বন্দরের বিভিন্ন সমস্যাকে দায়ী করেছেন। তারা অভিযোগ করেন, গত বছরের ২৭ নভেম্বর বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পর থেকে সোনামসজিদ বন্দরে মুখ থুবড়ে পড়েছে আমদানি কার্যক্রম। বন্দর পরিচালনার দায়িত্বপ্রাপ্ত সোনামসজিদ পানামা পোর্ট লিংক লিমিটেড বিভিন্ন ক্ষেত্রে অতিরিক্ত মাশুল আদায় করছে। এছাড়া, স্থলবন্দর কর্তৃপক্ষ অন্যান্য বন্দর ও শুল্ক স্টেশনগুলোতে যে সব সুযোগ সুবিধা দেয় এখানে তা পাওয়া যাচ্ছে না। ফলে আমদানিকারকেরা নিরুৎসাহিত হয়ে অন্য বন্দর দিয়ে পণ্য আমদানি করছেন। সোনামসজদি বন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আবু তালেব পণ্য আমদানি কমে যাওয়ার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিভিন্ন বিধি আরোপকে। তিনি বলেন, প্রায় দুশ কিলোমিটার দূর ঘুরে হিলি বন্দর দিয়ে পণ্য আমদানি করলেও এ বন্দরের চেয়ে সহজে তা খালাস করা যায়।

একই রকম অভিযোগ করেছেন সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের আহ্বায়ক লতিফুর রহমান।

এ ব্যাপারে সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার আবু নুর রাশেদ আহম্মেদ জানান, রাজস্ব নয়, সরকারের মূল উদ্দেশ্য দেশীয় শিল্পকে আগে রক্ষা করা।

নিয়ম মেনেই আমদানি করা পণ্য ছাড় দেওয়া হচ্ছে দাবি করে তিনি বলেন, এসব নিয়ম পূরণে ব্যর্থ হয়ে যদি কোনো আমদানিকারক অন্য বন্দর দিয়ে পণ্য আমদানি করেন সে জন্য কাস্টমস কর্তৃপক্ষ দায়ী নয়। তিনি আমদানিকারক ও সিএন্ডএফদের হয়রানির বিষয়টি অস্বীকার করলেও রাজস্ব আদায় কমে যাওয়ার বিষয়টি স্বীকার করেন।

আবু নুর রাশেদ আহম্মেদ আরও বলেন, পূর্ণাঙ্গ বন্দরে উন্নীত ও বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার কারণে এ বন্দরের বিভিন্ন মাশুল বেশি। এ ব্যবস্থায় অভ্যস্থ হয়ে পড়লে আমদানি স্বাভাবিক হয়ে যাবে।