২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইপিজেড এ নয় মাসে রপ্তানি আয় বেড়েছে ১৫ শতাংশ

রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ইপিজেড) প্রতিষ্ঠানগুলোর রপ্তানি আয় চলতি অর্থবছরের প্রথম নয় মাসে আগের বছরের তুলনায় ১৫ শতাংশ বেড়েছে । জুলাই থেকে মার্চ এ নয় মাসে সাতটি ইপিজেডের ২৫৫টি প্রতিষ্ঠান রপ্তানি করেছে একশ ৫০ কোটি ডলার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2007, 05:50 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) সূত্র এ তথ্য জানিয়েছে।

বেপজার উপ মহাব্যবস্থাপক নাজমা বিনতে আলমগীর জানান, তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের পাশাপাশি টুপি ও ধাতব শিল্পজাত পণ্যের বর্ধিত রপ্তানি ইপিজেড এর সামগ্রিক রপ্তানি বাড়ানোয় অবদান রেখেছে।

বেপজার প্রতিষ্ঠানগুলো প্রধানত তৈরি পোশাক, টেক্সটাইল, তোয়ালে, বৈদ্যুতিক সামগ্রী, টুপি, তাঁবু, প্লাস্টিক দ্রব্য, গলফ স্টিক ও ধাতব পণ্য রপ্তানি করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর অনুসন্ধানে দেখা গেছে গত মার্চ মাস পর্যন্ত বেপজায় মোট বিনিয়োগের পরিমাণ ছিল একশ ১০ কোটি ডলার। চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত এ অঞ্চলের শিল্পপ্রতিষ্ঠানগুলোর মূলধন আগের চেয়ে ১১ কোটি ৫০ লাখ ডলার বেড়েছে।

এছাড়া চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত নতুন বিনিয়োগ ও কয়েকটি প্রতিষ্ঠানের সম্প্রসারণের কারণে প্রায় ২০ হাজার নতুন চাকরি হয়েছে। ইপিজেডগুলোতে এখন কর্মরত বাংলাদেশী শ্রমিকের সংখ্যা প্রায় ২ লাখ।

বেপজা সূত্র আরও জানায়, চলতি অর্থবছরের এপ্রিল মাস পর্যন্ত নতুন ৪০টি শিল্প প্রতিষ্ঠান ৪৬ কোটি ৬০ লাখ ডলার বিনিয়োগের চুক্তি করেছে। এই চুক্তির আওতায় এরই মধ্যে বিনিয়োগ হয়েছে ১০ কোটি মিলিয়ন ডলারের ওপর।

নাজমা বিনতে আলমগীর জানান, কর্ণফুলি ইপিজেডসহ বেপজা আওতাধীন মোট আটটি ইপিজেডে এখন আরও ১৪৮ প্রতিষ্ঠান বাস্তবায়নাধীন আছে।

ইপিজেডে চালু থাকা ২৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে সম্পূর্ণ বিদেশি মালিকানায় ১৫৫টি, যৌথ বিনিয়োগের ৪২টি এবং দেশীয় মালিকানায় ৫৮টি প্রতিষ্ঠান রয়েছে।