২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এডিপিতে বড় ধরনের সংকোচন হচ্ছে এবার

চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) বরাদ্দ ২৬ হাজার কোটি টাকা থেকে প্রায় ২৫ শতাংশ কমিয়ে ২০ হাজার কোটি টাকা করা হতে পারে। পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমান অর্থবছরের প্রথম আট মাসের পরিস্থিতি পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

সাজ্জাদুর রহমান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2007, 07:30 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

নাম প্রকাশে অনিচ্ছুক পরিকল্পনা কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এবার সংশোধিত এডিপির পরিমাণ ১৮ হাজার কোটি টাকার ওপরে যাবে না।

২০০৫-০৬ অর্থবছরের এডিপির আকার তিন হাজার কোটি টাকা কমিয়ে ২১ হাজার ৫০০ কোটি টাকা করা হয়েছিল। এর আগে ২০০৪-০৫ অর্থবছরে এডিপি ২২ হাজার কোটি টাকা থেকে ১৯ হাজার ৫০০ কোটি টাকা এবং ২০০৩-০৪ অর্থবছরে ২০ হাজার ৩০০ কোটি টাকা থেকে ১৯ হাজার কোটি টাকায় কমিয়ে আনা হয়েছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক পরিকল্পনা কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চলতি অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত এডিপি বরাদ্দের মাত্র ৩২ শতাংশ ব্যয় করা হয়েছে। গত অর্থবছরের একই সময়ে ব্যয়ের পরিমাণ ছিল ৫৬ শতাংশ।”

তিনি আরও বলেন, “এই অর্থবছরের মোট ব্যয়ের পরিমাণ বাড়লেও সংশোধিত এডিপির পরিমাণ ১৮ হাজার কোটি টাকার ওপরে যাবে না।”

তিনি জানান, সাধারণত অর্থবছরের শেষ চার মাসে এডিপির ৪০ থেকে ৫০ ভাগ টাকা ব্যয় করা হয়। তবে দেশের বর্তমান পরিস্থিতিতে এবার তা ঘটার সম্ভাবনা কম।

পরিকল্পনা কমিশন জানিয়েছে, চলতি অর্থবছরের এডিপিতে ৪২৯টি নতুন প্রকল্পসহ মোট ৮৮৬টি প্রকল্প অর্ন্তভুক্ত রয়েছে। বিগত বিএনপি সরকার বর্তমান অর্থবছরের প্রথম তিন মাসে মোট এডিপির ১৭ শতাংশ অর্থাৎ ৪ হাজার ২৯৩ কোটি টাকা ব্যয় করেছে। অন্যদিকে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পরবর্তী পাঁচ মাসে দুটি তত্ত্বাবধায়ক সরকার এডিপির মাত্র ৩ হাজার ৯৮৩ কোটি টাকা ব্যয় করেছে।

অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম ফেব্রুয়ারিতে ষান্মাসিক এডিপি পর্যালোচনা বৈঠকে এডিপির বাস্তবায়নে দুর্বলতার কারণ হিসেবে গত কয়েক মাসের রাজনৈতিক পরিস্থিতিকে দায়ী করেন।

এ ব্যাপারে কর্তৃপক্ষের ব্যর্থতার পাশাপাশি অঙ্গিকার করেও দাতাদের বৈদেশিক সাহায্য না দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

সাবেক অর্থ সচিব ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এডিপিতে যথাযথভাবে প্রকল্প বাছাই করা হয় না। কোনো কোনো ক্ষেত্রে ভুল প্রকল্প নির্বাচন করা হয়।”

পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও পর্যালোচনা বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “গত ফেব্রুয়ারিতে উপদেষ্টা এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে দুর্বল অগ্রগতির জন্য দায়ী বিষয়গুলো চিহ্নিত করার জন্য কর্মকর্তাদের নির্দেশনা দিলেও পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি।”