জিয়া সার কারখানায় লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা
জিয়া সার কারখানায় গত আগস্ট মাসে ৬০ কোটি টাকা ব্যয় করে ব্যাপক মেরামত করা সত্ত্বেও যান্ত্রিক ত্রুটির কারণে ঘন ঘন বন্ধ হয়ে যাচ্ছে কারখানা। মেরামতের পর থেকে এ পর্যন্ত অন্তত ১৮ বার কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে।
কারখানার একটি সূত্র জানিয়েছে, চলতি অর্থবছরে ১ লাখ ৬ হাজার ৪শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হয়েছে। এর ফলে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জানা গেছে, কারখানার অ্যামোনিয়া প্লান্টের লিকেজ সারাতে গত সোমবার বিকেলে আবারও উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। উৎপাদন শুরু হতে আরও ৩/৪ দিন লাগবে।
শুধুমাত্র লিকেজের কারণে চলতি মাসের প্রথম ২০দিনে কারখানা তিন বার বন্ধ হয়ে গেছে। এর ফলে এক মাসেই প্রায় ৭ হাজার মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হয়েছে।
কারখানা সূত্রে জানা গেছে, গত বছরের ১০ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত ৩৫ দিনব্যাপী কারখানায় মেরামত করা হয়। এতে ব্যয় হয় প্রায় ৬০ কোটি টাকা। কিন্তু এরপর থেকে এ পর্যন্ত ১৪ বারে মোট ৭৭ দিন কারখানার যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ ছিল। এর ফলে প্রায় ১ লাখ ৬ হাজার মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হয়।
কারখানাটি দৈনিক ১ হাজার ৬শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনে সক্ষম হলেও এখন প্রতিদিন মাত্র ১ হাজার ২শ থেকে ১ হাজার ৪শ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করতে পারছে। জরাজীর্ণ যন্ত্রপাতির কারণে এ অবস্থার সৃষ্টি হচ্ছে।
সূত্র আরও জানায়, চলতি অর্থবছরে বিসিআইসি জিয়া সার কারখানাকে ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন ইউরিয়া উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে কারখানাটি ঘন ঘন বন্ধ হয়ে যাওয়ার কারণে এ বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বলেই আশঙ্কা করা হচ্ছে।
২০০৫-২০০৬ অর্থবছরে বিসিআইসির দেওয়া উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ২০ হাজার মেট্রিক টন। কিন্তু উৎপাদন হয়েছে ২ লাখ ৯৫ হাজার মেট্রিক টন। উৎপাদন ঘাটতির পরিমাণ ছিল ১ লাখ ২৫ হাজার মেট্রিক টন। আর কারখানাটি বন্ধ ছিল ৭৩দিন।
২০০৪-২০০৫ অর্থবছরেও লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি কারখানার জরাজীর্ণ অবস্থার কারণে।
নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ২০০৪ সালের এক ঘূর্ণিঝড়ে কারখানার কুলিং টাওয়ার বিধ্বস্ত হয়। কিন্তু এ পর্যন্ত টাওয়ারটির যথাযথ মেরামত করা হয়নি। এ ছাড়াও অ্যামোনিয়া প্লান্টের নিম্নমানের টিউব এবং কারখানার কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ফলে বারবারই উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে।
জিয়া সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়াকে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে তিনি বলেন, লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। ওভারহোলিং এর পর উৎপাদন প্রায়ই বন্ধ হচ্ছে এটা ঠিক। তবে দৈনিক ১ হাজার ৬শ মেট্রিক টনের পরিবর্তে ১ হাজার ৪শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন সম্ভব হচ্ছে এই ওভারহোলিংয়ের ফলেই।
তিনি জানান, জিয়া সার কারখানা একটি বিশাল কারখানা। তাই একসঙ্গে পুরো কারখানার ওভারহোলিং সম্ভব না। বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে ওভারহোলিং করা হচ্ছে। কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টের লিকেজ সারাতে গত সোমবার উৎপাদন আবারও বন্ধ করে দেওয়া হয়েছে। কারখানার নিজস্ব প্রকৌশলীরা লিকেজ সারানোর চেষ্টা করছেন। আগামী কয়েকদিনের মধ্যেই উৎপাদন শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
