ভোজ্য তেলের মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে বিডিআর
দাম স্থিতিশীল রাখতে ভোজ্য তেলের সরবরাহ আদেশসহ (ডিও) বেশ কিছু পণ্যের ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছে বিডিআর।
একইসঙ্গে এই সুপারিশে ভোক্তা সংরক্ষণ ও মজুদ আইন বাস্তবায়ন এবং বিভিন্ন পণ্যের ক্ষেত্রে শুল্কহার নির্ধারণের ওপরও গুরুত্ব আরোপ করা হয়েছে।
ডাল-ভাত কর্মসূচির মনিটরিং সেলের কর্মকর্তা মেজর রওশনুল ফিরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে
বুধবার বলেন, “বেশ কিছু পণ্যের দাম বাড়ানোর ক্ষেত্রে অনিয়ম রোধে সম্প্রতি আমরা বাণিজ্য মন্ত্রণালয়ে কাছে সুপারিশ পাঠিয়েছি।”
তিনি বলেন, বিডিআরের স্বল্পমেয়াদি কার্যক্রমের আওতায় ন্যাযমূল্যে পণ্য সরবরাহ করছে। পাশাপাশি দীর্ঘমেয়াদে পণ্যের দাম স্থিতিশীল রাখার জন্য করা হয়েছে এই সুপারিশমালা।
সরেজমিন অনুসন্ধানে দেখা গেছে, ভোজ্য তেল পরিশোধনকারী কোম্পানিগুলো পাইকারদের কাছে তেল বিক্রির জন্য সরবরাহ আদেশ (ডিও) বরাদ্দ করে। কিন্তু এসব বরাদ্দ আদেশে তারিখ বা তেল উত্তোলনের সময়সীমা উল্লেখ থাকে না। এমনকি কোন প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হচ্ছে তাও উল্লেখ থাকে না।
অনুসন্ধানে আরও দেখা যায়, অলিখিত নিয়ম অনুসারে একজন পাইকারি বিক্রেতা কমপক্ষে ১১টি বরাদ্দ আদেশ একসঙ্গে জমা দিয়ে কোম্পানি থেকে তেল নিতে পারেন। প্রতিটি আদেশ এর আওতায় তারা দুই হাজার ৭৯০ কেজি করে তেল পান।
এই নিয়মের কারণে বেশ কয়েকবার বরাদ্দের আদেশগুলো হাত বদল হয়। প্রতিবার হাত বদলের সময় ডিওর দাম বাড়িয়ে দেন মধ্যস্বত্ত্বভোগীরা। ফলে সর্বশেষ ধাপে ভোজ্য তেল উত্তোলনকারীর খরচ অনেক বেড়ে যায়।
এই অনিয়ম দূর করতে ভোজ্য তেল বিক্রির ক্ষেত্রে প্রকৃত পাইকারদের কাছে সরবরাহ আদেশ পত্র দিয়ে তারিখ ও তেল উত্তোলনের সময়সীমা নির্দিষ্ট করার সুপারিশ করেছে বিডিআর।
ডাল-ভাত কর্মসূচির আওতায় বিডিআরের ২৮ ব্যাটালিয়ান চলতি মাসের শুরু থেকে ৩০ জেলায় এখন পর্যন্ত ৬৭টি ন্যায্যমূল্যের বিক্রয় কেন্দ্র চালু করেছে। এছাড়া গত ১৫ মার্চ থেকে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ২০টি ন্যায্যমূল্যের বিক্রয় কেন্দ্র এবং ২৫টি মুক্ত বাজার চালু রয়েছে।
