২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মূলধন বাড়াতে সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংককে রাইট শেয়ার ছাড়ার অনুমতি

সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংকের মূলধন ঘাটতি কমিয়ে আনার জন্য ৫৮ কোটি ৫০ লাখ টাকার রাইট শেয়ার ছাড়ার অনুমতি দিয়েছে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। মঙ্গলবার এ অনুমোদন দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2007, 08:33 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

প্রতিষ্ঠানটি প্রতি শেয়ারের বিপরীতে একটি করে রাইট শেয়ার ছাড়বে।

এসইসি এর এক সিনিয়র কর্মকর্তা জানান, মূলধন ঘাটতির কারণে সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সমস্যাগ্রস্ত ব্যাংকের তালিকায় আছে। মূলধন জোগাড় করতে রাইট শেয়ার ছাড়ার জন্য তারা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনে আবেদন জানায়। তাদের আবেদনের প্রেক্ষিতে এ অনুমোদন দেওয়া হয়েছে।

সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংকের সর্বশেষ সাধারণ সভার তথ্য অনুযায়ী ব্যাংকটি প্রতি শেয়ারের বিপরীতে আয় করে ৯৮ টাকা ৫২ পয়সা। এ হারে ২০০৬ সালে ব্যাংকটি সর্বমোট মুনাফা করে ৫ কোটি ৭৬ লাখ টাকা। আর শেয়ার প্রতি সম্পদের মূল্য ছিল এক হাজার ৬৭৬ টাকা। এর অভিহিত মূল্য এক হাজার টাকা।

এদিকে, অর্থ সংগ্রহের জন্য শেয়ার ছাড়ার ব্যাপারে বাংলাদেশ ফিন্যান্স অ্যাণ্ড ইনভেস্টমেন্ট কোম্পানির (বিএফআইসি) একটি আবেদনও অনুমোদন করেছে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। বিএফআইসি মূলধন বাড়াতে ৭ কোটি টাকার শেয়ার বাজারে ছাড়ার লক্ষমাত্রা নির্ধারণ করেছে। এ পরিমাণ অর্থ সংগ্রহের পর প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধন ২৩ কোটি ৩৩ লাখ টাকা থেকে বেড়ে ৩০ কোটি ৩৩ লাখ টাকায় গিয়ে দাঁড়াবে।

আর প্রতি শেয়ারের দাম রাখা হয়েছে ১০০ টাকা।

বিএফআইসি এর প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটি প্রতি শেয়ারের বিপরীতে আয় করে ১২ টাকা ৯৮ পয়সা। শেয়ার প্রতি সম্পদের মূল্য ছিল ১১৯ টাকা ১০ পয়সা।