২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্ধেক জনবলেই সক্রিয় হবে টিসিবি!

রাষ্ট্রয়াত্ত্ব প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রথম শ্রেণীর ৬০ পদের অর্ধেকই শূন্য। বাকি ৩০ জনের সাত জন অবসরে যাচ্ছেন এ বছরই। আর দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের সব পদই ফাঁকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2007, 07:00 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

অথচ প্রয়োজনীয় জনবল নিয়োগ না দিয়েই প্রতিষ্ঠানটিকে সক্রিয় করার সুপারিশ করা হয়েছে।

বর্তমানে টিসিবিতে সর্বমোট ২৩৫টি পদের বিপরীতে কর্মকর্তা-কমচারীর সংখ্যা ১৮২ জন। কর্পোরেশন সূত্র জানায়, বর্তমানে ২ প্রধান কর্মকর্তা, ৫ ঊর্ধ্বতন কার্যনির্বাহী, ১৯ উপ-ঊর্ধ্বতন কার্যনির্বাহী, ৪ সহকারী কার্যনির্বাহীসহ ৫৩টিই শূন্য রয়েছে।

আগামী মাসে অবসর নিতে যাওয়া ঊর্ধ্বতন কার্যনির্বাহী মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এমনিতেই অনেক পদ ফাঁকা, এর ওপর এ বছর আরও কয়েকজন কর্মকর্তা অবসর নিলে জনবল সঙ্কট প্রকট হয়ে উঠবে।”

সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় কমিটির সভায় টিসিবিকে সক্রিয় করা সুপারিশ করা হয়। এছাড়া এ বছর নতুন করে ডিলার নিয়োগসহ বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রম চালু করতে যাচ্ছে।

এ প্রসঙ্গে মতিউর রহমান বলেন, টিসিবিকে সক্রিয় করতে হলে অবশ্যই প্রথম শ্রেণির কর্মকতা নিয়োগ দিতে হবে।

১৯৯৬ সালে টিসিবি এর অনুমোদিত কর্মকতা-কর্মচারী সংখ্যা ছিল ৭১৪ জন। ১৯৯৬ ও ২০০২ সালে দুদফায় জনবল কমিয়ে আনা হয়। তবে গত দেড় দশকে কোনও প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়নি। এরই মধ্যে সব দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাকে প্রথম শ্রেণীর পদে পদোন্নতি দেওয়া হয়। কিন্তু সে পদগুলোতেও আর নিয়োগ দেওয়া হয়নি।