বার্ষিক সভা না করায় শেয়ার বাজারের তিন কোম্পানির জরিমানা
বার্ষিক সাধারণ সভা না করায় শেয়ার বাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ১১ উদ্যোক্তাকে এক লাখ টাকা করে জরিমানা করেছে সিকিউরিটি ও এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
সোমবার এসইসির নির্বাহী পরিচালক মনসুর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে বলা হয়, ১১ উদ্যোক্তাকে আগামী ১৫ দিনের মধ্যে জরিমানার টাকা দিতে হবে।
এসব উদ্যোক্তা হলেন, শ্রীপুর টেক্সটাইল মিলস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এ আহমেদ ইউছুফ, পরিচালক অধ্যাপক ড. নুরুল হক, এ আর মালিক, সফিকুর রহমান, সিএইচ মাহ্তাবউদ্দিন, কাশেম সিল্ক মিলস এর চেয়ারম্যান এ কে এম মাইদুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক খাদিজা শামিম, পরিচালক সেলিনা হোসেন এবং কাশেম টেক্সটাইল মিলস এর চেয়ারম্যান ও ব্যস্থাপনা পরিচালক এ কে এম মাইদুল ইসলাম, পরিচালক খাদিজা শামিম ও সেলিনা বেগম।
কমিশন জানিয়েছে, এই তিনটি কোম্পানি ২০০৬ সালের অনুষ্ঠেয় বার্ষিক সাধারণ সভা না করলে পরিচালকদের প্রতিদিন অতিরিক্ত ১০ হাজার টাকা করে জরিমানা দিতে হবে।
