২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালিকদের শর্তে সরকার রাজি, ট্যানারি স্থানান্তরের প্রক্রিয়া শুরু হচ্ছে

সরকার শর্ত মেনে নেওয়ায় ট্যানারি মালিকরা সাভারের চামড়া শিল্প নগরীতে তাদের নামে বরাদ্দ করা জমির দামের প্রথম কিস্তি পরিশোধ করতে রাজি হয়েছেন। ১৫ মে তারা প্রথম কিস্তির টাকা জমা দেবেন। আর সেক্ষেত্রে হাজারীবাগের ট্যানারিগুলো সাভারে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2007, 07:16 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

ছয় বছরের জন্য কর অবকাশ এবং বিশেষ ঋণ সুবিধা প্রদান-মালিকদের অন্যতম এই দুটি দাবি মেনে নিয়েছে সরকার।

রোববার শিল্প মন্ত্রণালয়ে উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরীর সভাপত্বিতে অনুষ্ঠিত এক বৈঠকে চামড়া শিল্প মালিকদের শর্ত দুটি মেনে নেওয়ার পর কিস্তির টাকা শোধ করতে রাজি হন তারা।

বৈঠক শেষে গীতি আরা সাফিয়া চৌধুরী বলেন, “সাভারের চামড়া শিল্প নগরী নিয়ে দীর্ঘদিনের সমস্যার সমাধান হলো। ট্যানারি মালিকরা ১৫ মে আনুষ্ঠানিকভাবে কিস্তির টাকা পরিশোধ করবেন। তখনই তাদের নামে বরাদ্দ করা জমি বুঝিয়ে দেওয়া হবে। দুই বছরের মধ্যে এ শিল্প নগরী চালু হয়ে যাবে।”

সাভার চামড়া শিল্প নগরীতে এ পর্যন্ত মোট ১৭৬টি প্রতিষ্ঠানকে জমি বরাদ্দ দেওয়া হয়েছে। জমি বরাদ্দ পেলেও হাজারীবাগের চামড়া শিল্প মালিকরা এতোদিন পর্যন্ত ট্যানারি সরিয়ে নিতে রাজি হচ্ছিলেন না। মালিক সমিতিগুলো সাভারের শিল্প নগরীতে যৌথ বর্জ্য পরিশোধণাগার (সিইপিটি) স্থাপন, ছয় বছরের জন্য কর অবকাশ এবং ঋণ সুবিধার দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন।

রোববারের সভায় মালিক সমিতির শেষ দুটো দাবি মেনে নেওয়া হয়।

উপদেষ্টা জানান, বৈঠকে সাভারের চামড়া শিল্প নগরীকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করার সিদ্ধান্ত হয়েছে। ফলে জাতীয় রাজস্ব বোর্ড ওই শিল্পাঞ্চলে স্থাপিত চামড়া শিল্পগুলো প্রতিষ্ঠানগুলোকে ছয় বছরের কর অবকাশ সুবিধা দেবে। এছাড়া ট্যানারিগুলোর ব্যাংক ঋণ তাদের নতুন জায়গায় বিপরীতে স্থানান্তর করা হবে এবং যারা এ শিল্প থেকে সরে যেতে চান, তাদের ঋণ পরিশোধের জন্য বিশেষ সুবিধা দেওয়া হবে।

উপদেষ্টা আরো জানান, বর্জ্য শোধনাগারের জন্য দরপত্র আহবান করা হয়েছে। এতে দুটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ ফিনিশ লেদার অ্যান্ড লেদার গুডস এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের সভাপতি টিপু সুলতান বলেন, “অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড আমাদের ব্যাংক ঋণ ও কর অবকাশ সংক্রান্ত দাবি মেনে নেওয়ায় আমরা ১৫ মে প্রথম কিস্তির টাকা পরিশোধ করতে রাজি হয়েছি।”

শিল্প সচিব মো. নরুল আমিন, বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল হাই, প্রকল্প পরিচালক সোহরাব হোসেনসহ বিভিন্ন চামড়া শিল্প মালিক সমিতির নেতৃবৃন্দ ও ব্যাংক কর্মকতারা এ সভায় উপস্থিত ছিলেন।