শেয়ার বাজারে অস্বস্তিতে বিনিয়োগকারীরা
সরকারের দুর্নীতিবিরোধী অভিযান এবং নতুন করদাতা সনাক্তকরণ কার্যক্রমের কারণে বিনিয়োগকারীদের মধ্যে অস্বস্তি বাড়ায় বৃহস্পতিবার ভালোমানের শেয়ার লেনদেন হয়নি বাজারে।
বাজারের গতিপ্রকৃতি সম্পর্কে ধারণা করতে না পারায় উৎসাহ হারাচ্ছেন বিনিয়োগকারীরা।
ইমতিয়াজ হুসাইন সিকিউরিটিজ এর চেয়ারম্যান ইমতিয়াজ হুসাইন বলেন, “সরকারের কর-খেলাপি বিরোধী অভিযানের কারণে বিনিয়োগকারীরা বাজার থেকে বিনিয়োগ তুলে নিতে চাচ্ছেন।”
শেয়ার বাজারে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কিছুটা মন্দা থাকলেও গতকালের কাছাকাছি অবস্থানে থেকে দিনশেষ হয়েছে। লেনদেন বুধবারের তুলনায় বেড়েছে কিছুটা।
লেনদেনের ক্ষেত্রে জ্বালানি খাতের প্রতিষ্ঠানগুলোই এদিন এগিয়ে ছিল। এছাড়া দ্বিতীয় দিনের মতো আইসিবি মিউচুয়াল ফান্ডের শেয়ারেরও দাম বেড়েছে, কারণ বিনিয়োগকারীরা আশা করছে জুন মাসে প্রতিষ্ঠানটি আকর্ষণীয় লভ্যাংশ ঘোষণা করবে।
দিনশেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৪০ কোটি ২ লাখ ১০ হাজার টাকা। বুধবার লেনদেন হয় ৩৭ কোটি ৮৩ লাখ ১০ হাজার টাকার। সিএসইতে লেনদেন ছিল ৮ কোটি ৬৮ লাখ ৮০ হাজার টাকা। আগের দিন ৬ কোটি ৬৩ লাখ ৭০ হাজার টাকার লেনদেন হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক আইসিবি’র এক কর্মকর্তা জানান, সরকারের দুর্নীতি বিরোধী অভিযান এবং করদাতা সনাক্তকরণ কার্যক্রমের কারণে বিনিয়োগকারীরা অস্বস্তিতে আছেন। তিনি বলেন, সরকারি সংস্থাগুলো প্রায় নিয়মিতভাবে বিনিয়োগকারীদের কাছে তথ্য জানতে চাচ্ছে।
ডিজিইএন বা সাধারণ সূচক দশমিক ৩৫ পয়েন্ট বা দশমিক ০২ শতাংশ কমে হয়েছে এক হাজার ৬৯০ দশমিক ৩২ পয়েন্ট।
ডিএসআই বা সার্বিক মূল্যসূচক ২ দশমিক ০১ পয়েন্ট বা দশমিক ১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৪৪৫ দশমিক ৯২ পয়েন্টে।
ডিএসই-২০ ব্লু চিপের সূচক দশমিক ৪৯ পয়েন্ট বা দশমিক ০৩ শতাংশ কমে এক হাজার ৩৩৭ দশমিক ৭১ পয়েন্ট হয়।
অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমায় বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব সূচক ছিল নিম্নগামী।
লেনদেনে শীর্ষে থাকা ডেসকোর শেয়ারের দাম দশমিক ৪৯ শতাংশ বেড়ে ৭০৬ টাকা ২৫ পয়সা হয়। প্রতিষ্ঠানটির মোট লেনদেনের পরিমাণ ছিল ৪ কোটি ৬০ লাখ ১০ হাজার টাকা।
বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম ৪৬৮ টাকা ৫০ পয়সায় অপরিবর্তিত ছিল।
বিক্রি বন্ধ হওয়ায় শাহজালাল ব্যাংকের শেয়ার এক দশমিক ৪৪ শতাংশ কমে ২২১ টাকা ২৫ পয়সা হয়।
সামিট পাওয়ারের শেয়ারের দাম ৫৭১ টাকা ৫০ পয়সায় স্থিতিশীল ছিল। ইউসিবিএল এর শেয়ারের দাম দশমিক ৮৪ শতাংশ বেড়ে এক হাজার ৯১৫ টাকা ২৫ পয়সা হয়।
লাভজনক প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষে ছিল গালফ ফুডস, আইসিবি এবং রাসপিট কোম্পানি। লোকসানের দিক থেকে এগিয়ে ছিল গ্রামীণ বাংলা ফুডস, বায়োনিক ফুডস এবং ফাইন ফুডস।
ঢাকার শেয়ার বাজারে দাম বেড়েছে ৬৭টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত ছিল ২২টি প্রতিষ্ঠানের শেয়ার।
চট্টগ্রাম শেয়ার বাজারে ২৩টির দাম বাড়লেও কমেছে ৫৮টির এবং ১৫টি প্রতিষ্ঠানের শেয়ার ছিল অপরিবর্তিত।
