সরকারের কড়াকড়ির কারণে মুদ্রাস্ফীতি বাড়তে পারে: আইএমএফ
মজুতদারি বন্ধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার জন্য সরকারের কড়াকড়ির কারণে মুদ্রাস্ফীতি বেড়ে যেতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
আইএমএফ এর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপদেষ্টা টমাস রামবও বৃহস্পতিবার ঢাকায় সাংবাদিকদের বলেন, “মজুতদারি বন্ধ করতে ও নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখার জন্য সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা এবং পণ্য সরবরাহে সঙ্কট দেখা দিয়েছে। এর প্রভাবে মুদ্রাস্ফীতি বেড়ে যেতে পারে।”
দারিদ্র্য বিমোচন ও প্রবৃদ্ধি সহায়ক কর্মসূচির (পিআরজিএফ) আওতায় অর্থ ছাড়ের আগে এর অগ্রগতি পর্যবেক্ষণে দুই সপ্তাহ ধরে বাংলাদেশে অবস্থান করছেন টমাস রামবও। ২০০৩ সালে ওই কর্মসূচি নিয়ে বাংলাদেশ সরকার ও আইএমএফ এর মধ্যে চুক্তি হয়।
টমাস রামবও বলেন, “মুদ্রাস্ফীতি রোধ করতে হলে বাংলাদেশকে অর্থনীতির মূল বিষয়গুলো অনুসরণ করেই এগুতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না। সরকার গৃহীত পদক্ষেপগুলো এমনভাবে বাস্তবায়ন করতে হবে যাতে পণ্য সরবরাহ ও আমদানি বাধাগ্রস্ত না হয়।”
হঠাৎ করে জ্বালানি তেলের দাম বাড়ানো মুদ্রাস্ফীতি বাড়তে প্রভাব ফেলতে পারে বলেও মন্তব্য করেন আইএমএফ উপদেষ্টা। তার পরামর্শ, “সাম্প্রতিক মাসগুলোতে যেহেতু বড় অংকের বৈদেশিক মুদ্রা দেশে আসছে সেহেতু মুদ্রাস্ফীতি যাতে আর বাড়তে না পারে সেদিকে সরকারের খেয়াল রাখা উচিৎ।”
বাংলাদেশের বর্তমান প্রবৃদ্ধি হারে সন্তোষ প্রকাশ করলেও রাজস্ব আদায় বাড়ানোর জন্য মনোযোগী হওয়ায় ওপর গুরুত্ব আরোপ করেন টমাস রামবও। এছাড়া তেলের দাম ওঠানামার সঙ্গে সঙ্গে গ্যাস ও বিদ্যুতের দাম সমন্বয়ের জন্য একটি স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণী সূচক তৈরিরও পরামর্শ দেন তিনি। তার মতে, এর মাধ্যমে মুদ্রাস্ফীতি রোধ ও রাজস্ব আদায় বাড়ানো সহজ হবে।
রাষ্ট্রায়াত্ত বিভিন্ন প্রতিষ্ঠান বেসরকারিকরণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করে টমাস রামবও বলেন, “অর্থনীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেওয়া এবং রূপালী ব্যাংকসহ আরো তিনটি রাষ্ট্রায়াত্ত ব্যাংক দ্রুত বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার মতো বিষয়গুলো প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে সহায়ক হবে।”
তিনি বলেন, “চলতি অর্থবছরে এখন পর্যন্ত বাংলাদেশের প্রবৃদ্ধি অর্জনের হার ৬ দশমিক ৭ শতাংশ। আশা করা যায়, আগামী অর্থবছরেও এই হার ধরে রাখতে পারবে বাংলাদেশ।”
গত কয়েক মাস ধরে দেশের ব্যবসা বাণিজ্যে কিছুটা অস্থিরতা বিরাজ করলেও প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে তা খুব একটা প্রভাব ফেলবে না বলে মনে করেন আইএমএফ উপদেষ্টা।
